যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের উত্তরাঞ্চলে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই একটি ছোট ডুয়েল প্রপেলার চিকিৎসা বিমান বিধ্বস্ত হয়ে চালকসহ চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দু’জন চিকিৎসাকর্মীও রয়েছেন।
গতকাল মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১২টা ৪৪ মিনিটে অ্যারিজোনার নাভাজো নেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, বিমানটি ছিল মার্কিন বিমান প্রস্তুতকারী সংস্থা সিএসআই এভিয়েশনের বিচক্র্যাফট কিং এয়ার ৩০০ সিরিজের। জরুরি চিকিৎসা পরিষেবার জন্য এটি নাভাজো নেশনের বিমানবন্দর থেকে নিউ মেক্সিকোর আলবুকার্ক জেলার উদ্দেশে রওনা দিয়েছিল।
বিমানটিতে একজন পাইলট, একজন সহ–পাইলট এবং দুই চিকিৎসাকর্মী ছিলেন। উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিমানটি বিস্ফোরিত হয়ে রানওয়েতে আছড়ে পড়ে। নাভাজো নেশনের পুলিশ কমান্ডার এমেট ইয়াজি জানান, প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, উড্ডয়নের পরপরই পাইলট সমস্যার আভাস পান এবং অবতরণের চেষ্টা করছিলেন।
নাভাজো নেশনের জরুরি পরিষেবা বিভাগের পরিচালক শ্যারেন স্যান্ডোভাল বলেন, বিমানটি মূলত নিউ মেক্সিকো থেকে গুরুতর অসুস্থ এক রোগীকে আনতে যাচ্ছিল।
দুর্ঘটনায় শোক জানিয়েছেন নাভাজো নেশনের প্রেসিডেন্ট বু নাইগ্রিন এবং বিমান প্রস্তুতকারী প্রতিষ্ঠান সিএসআই এভিয়েশন। প্রেসিডেন্ট নাইগ্রিন বিমান বিধ্বস্তের কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠনের ঘোষণা দিয়েছেন। সিএসআই এভিয়েশনও প্রশাসনিক তদন্তে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে।

