যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের ফোর্ট স্টুয়ার্ট সেনাঘাঁটিতে বন্দুকধারীর হামলায় অন্তত পাঁচজন সেনা সদস্য আহত হয়েছেন। গতকাল সকালে ঘটে যাওয়া এই হামলার পর সাময়িকভাবে ঘাঁটিটি লকডাউন করা হয়। সামরিক কর্তৃপক্ষ সন্দেহভাজন হামলাকারীকে আটক করেছে।
আলজাজিরার প্রতিবেদন থেকে জানা যায়- স্থানীয় সময় সকাল ১০টা ৫৬ মিনিটে ফোর্ট স্টুয়ার্টের আর্মার্ড ব্রিগেড কমব্যাট টিম এলাকায় গুলির খবর পায় আইনশৃঙ্খলা বাহিনী। এরপর ১১টা ০৪ মিনিটে পুরো ঘাঁটি লকডাউন করা হয় এবং সকাল ১১টা ৩৫ মিনিটে সন্দেহভাজনকে আটক করা হয়।
ঘাঁটির এক বিবৃতিতে জানানো হয়, গুলিবিদ্ধ সেনাদের প্রথমে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং পরে উইন আর্মি কমিউনিটি হাসপাতালে পাঠানো হয়। সামাজিক মাধ্যমে প্রচারিত তথ্যে নিশ্চিত করা হয়েছে, বর্তমানে কমিউনিটির জন্য কোনো নিরাপত্তা হুমকি নেই।
ঘটনার পর লিবার্টি কাউন্টি স্কুল কর্তৃপক্ষ জানায়, লকডাউন অবস্থা প্রায় এক ঘণ্টা স্থায়ী ছিল। সতর্কতার অংশ হিসেবে সেনাঘাঁটির আশপাশের তিনটি স্কুলেও সাময়িক লকডাউন জারি করা হয়।
হামলাকারীর পরিচয় এবং হামলার উদ্দেশ্য এখনো নিশ্চিত হয়নি। আহত সেনাদের অবস্থাও বিস্তারিত জানা যায়নি। মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, ঘটনার তদন্ত চলমান রয়েছে।
সাভান্না শহর থেকে প্রায় ৬৪ কিমি (৪০ মাইল) দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ফোর্ট স্টুয়ার্ট যুক্তরাষ্ট্রের মিসিসিপি নদীর পূর্বাঞ্চলে অবস্থিত সবচেয়ে বড় সেনাঘাঁটি। এটি মার্কিন ৩য় ইনফ্যান্ট্রি ডিভিশনের হাজার হাজার সদস্য এবং তাদের পরিবারের আবাসস্থল।
ঘটনার পর গভর্নর ব্রায়ান কেম্প সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করে বলেন-“আজকের মর্মান্তিক ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। আহতদের ও তাদের পরিবারের জন্য প্রার্থনা করছি।”
হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলার বিষয়ে অবহিত আছেন এবং নিয়মিত আপডেট পর্যবেক্ষণ করছেন।

