ঘানার আকাশে নেমে এলো শোকের ছায়া। বুধবার সকালে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন দেশটির দুই মন্ত্রীসহ মোট ৮ জন সরকারি কর্মকর্তা। প্রাণ হারিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী এডওয়ার্ড ওমানে বোআমাহ ও পরিবেশ মন্ত্রী ইব্রাহিম মুরতালা মুহাম্মদ।
দুর্ঘটনাটি ঘটেছে দেশের দক্ষিণাঞ্চলের আশান্তি এলাকায়। প্রেসিডেন্ট জন মাহামার কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন প্রেসিডেন্টের চিফ অব স্টাফ জুলিয়াস ডেব্রাহ। নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, “এই সহকর্মীদের ও সৈন্যদের আত্মত্যাগ জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি।”
এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও যারা প্রাণ হারিয়েছেন, তাদের মধ্যে রয়েছেন আলহাজি মোহাম্মদ মুনিরু লিমুনা, যিনি একসময় কৃষিমন্ত্রী ছিলেন এবং পরে জাতীয় নিরাপত্তা সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। নিহত হয়েছেন প্রেসিডেন্ট মাহামার রাজনৈতিক দল ন্যাশনাল ডেমোক্রেটিক কংগ্রেসের (NDC) সহ-সভাপতি স্যামুয়েল সারপংও।
প্রতিরক্ষা মন্ত্রী বোআমাহ ছিলেন একজন পেশাদার চিকিৎসক। তার রাজনৈতিক জীবনে গুরুত্বপূর্ণ মাইলফলক ছিল পরিবেশ মন্ত্রণালয়ে কাজ করার পর যোগাযোগ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা। সাম্প্রতিক সময়ে তিনি ঘানার উত্তর সীমান্তে বুরকিনা ফাসো থেকে আসা সন্ত্রাসী হুমকির বিষয়ে কঠোর নজরদারি করছিলেন। এই অঞ্চল দিয়ে অস্ত্র ও চরমপন্থী গোষ্ঠীর প্রবেশ আশঙ্কাজনক হারে বেড়েছে বলে সতর্ক করেছিলেন বিশেষজ্ঞরা।
দুর্ঘটনার দিন, সকালের দিকে রাজধানী আক্রা থেকে ওবুয়াসির দিকে যাচ্ছিল হেলিকপ্টারটি। স্থানীয় সময় সকাল ৯টার পর এটি রাডার থেকে হারিয়ে যায়। ঘানার সশস্ত্র বাহিনী প্রথমে জানায়, হেলিকপ্টারটিতে ৩ জন ক্রু এবং ৫ জন যাত্রী ছিলেন। পরে জানা যায়, যাত্রীদের মধ্যে মন্ত্রীরাও ছিলেন।
বোআমাহ এই সফরে ছিলেন আরও একটি উদ্দেশ্য নিয়ে—তাঁর লেখা নতুন বই “A Peaceful Man in an African Democracy” প্রকাশের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, যেটি ২০১২ সালে মারা যাওয়া সাবেক প্রেসিডেন্ট জন আত্তা মিলসকে নিয়ে লেখা।
এই দুর্ঘটনার পর প্রেসিডেন্ট মাহামা তার দিনের সব সরকারি কার্যক্রম বাতিল করেন। সরকারি ভবনগুলোতে অর্ধনমিত রাখা হয়েছে জাতীয় পতাকা। পুরো জাতি এখন গভীর শোকের মধ্যে দিয়ে যাচ্ছে।

