ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে মাত্র ২ বর্গকিলোমিটার কৃষিজমি ব্যবহারযোগ্য অবস্থায় রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO)। সংস্থাটি সতর্ক করেছে, গাজা এখন “সম্পূর্ণ দুর্ভিক্ষের” দ্বারপ্রান্তে পৌঁছে গেছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) এই তথ্য প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। প্রতিবেদনে বলা হয়, স্যাটেলাইট চিত্রের ভিত্তিতে গাজায় কৃষিকাজের জন্য ব্যবহারযোগ্য জমির পরিমাণ চরমভাবে সীমিত হয়ে পড়েছে— যা মোট এলাকার মাত্র ১.৫ শতাংশ, অর্থাৎ প্রায় ২.৩ বর্গকিলোমিটার।
জুলাইয়ের ২৮ তারিখে পরিচালিত জরিপে দেখা যায়, গাজার ৮.৬ শতাংশ জমিতে এখনও প্রবেশ সম্ভব হলেও কার্যকরভাবে চাষযোগ্য রয়েছে কেবল ১.৫ শতাংশ জমি। আরো ১২.৪ শতাংশ জমি ফিজিক্যালি অক্ষত থাকলেও জনগণের নাগালের বাইরে। আর বাকি ৮৬.১ শতাংশ কৃষিজমি সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।
FAO-এর মহাপরিচালক কু দোংইউ বলেন, “মানুষ খাবারের অভাবে মারা যাচ্ছে না, তারা মারা যাচ্ছে কারণ খাবারের নাগাল পাচ্ছে না। স্থানীয় খাদ্য উৎপাদন ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে এবং পরিবারগুলো ন্যূনতম জীবিকা নির্বাহে অক্ষম হয়ে পড়েছে।”
তিনি দ্রুত নিরাপদ ও টেকসই মানবিক সহায়তা নিশ্চিত করে কৃষি অবকাঠামো পুনরুদ্ধারের আহ্বান জানান।
ইসরায়েলি সামরিক অভিযান শুরুর আগে কৃষিখাত গাজার অর্থনীতির প্রায় ১০ শতাংশ জুড়ে ছিল। FAO জানায়, অন্তত ৫ লাখ ৬০ হাজার মানুষ- অর্থাৎ গাজার মোট জনসংখ্যার এক চতুর্থাংশ— সরাসরি বা পরোক্ষভাবে কৃষি ও মৎস্যজীবনের ওপর নির্ভরশীল ছিলেন।
বর্তমানে খাদ্য উৎপাদন সক্ষমতা ধ্বংস হয়ে যাওয়ায় গাজাবাসী আরও চরম মানবিক সংকটে পড়েছে। স্থানীয় উৎপাদনের অভাবে খাদ্যনির্ভরতা এখন প্রায় পুরোপুরি ত্রাণের ওপর, অথচ সেই ত্রাণ সরবরাহও চরম বাধাগ্রস্ত।

