জাস্টিন ট্রুডো রাজনীতিতে প্রবেশের পর থেকেই তাঁর ব্যক্তিগত জীবন মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু ছিল। স্ত্রী সোফি গ্রেগোয়ারের সঙ্গে তাঁর সম্পর্ককে অনেকেই আদর্শ প্রেমের গল্প হিসেবে দেখতেন। দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের প্রেমময় ছবি ও হাসিখুশি সংসারের চিত্র দেখে ভক্তরা ভেবেছিলেন, এই জুটি সারাজীবন একসাথে থাকবেন। কিন্তু ২০২৩ সালের আগস্টে তাঁদের বিচ্ছেদের ঘোষণা অনেককে বিস্মিত করে।
ট্রুডো ও সোফির প্রথম পরিচয় শৈশবে- সোফি ছিলেন ট্রুডোর ছোট ভাই মিশেলের সহপাঠী ও বন্ধু। তবে তাঁদের প্রেম শুরু হয় ২০০৩ সালে এক দাতব্য অনুষ্ঠানে। ট্রুডো তখন শিক্ষক ও বক্তা, সোফি টেলিভিশন ও রেডিও উপস্থাপক। সেই সাক্ষাতে গভীর সংযোগ গড়ে ওঠে, যা দ্রুতই প্রেমে রূপ নেয়। ২০০৪ সালের অক্টোবরে ট্রুডো বিয়ের প্রস্তাব দেন, এবং ২০০৫ সালের ২৮ মে মন্ট্রিলে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন।

বিয়ের পর সোফি শুধু জীবনসঙ্গী হিসেবেই নয়, ট্রুডোর রাজনৈতিক যাত্রার শক্ত সহায়ক হয়ে ওঠেন। তিন সন্তানের- জেভিয়ার (২০০৭), এলা-গ্রেস (২০০৯) ও হ্যাড্রিয়েন (২০১৪)- মা হিসেবে তিনি সংসারের পাশাপাশি জনহিতকর কাজ ও নারীর অধিকার নিয়ে সক্রিয় ভূমিকা পালন করেন।
কিন্তু দীর্ঘ ১৮ বছরের দাম্পত্য জীবনের পর ২০২৩ সালের ২ আগস্ট ইনস্টাগ্রামে ট্রুডো ঘোষণা দেন, তাঁরা পারস্পরিক সম্মান ও ভালোবাসার ভিত্তিতে আলাদা হয়ে যাচ্ছেন, তবে সন্তানদের যৌথভাবে লালন-পালন করবেন। বিচ্ছেদের কারণ প্রকাশ না করলেও ধারণা করা হয়, প্রধানমন্ত্রিত্বের দায়িত্ব ও জনজীবনের চাপ তাঁদের সম্পর্কে প্রভাব ফেলেছিল।

ট্রুডো কানাডার অন্যতম প্রভাবশালী রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা পিয়েরে এলিয়ট ট্রুডো কানাডার দীর্ঘকালীন প্রধানমন্ত্রী ছিলেন। ২০০৮ সালে রাজনীতিতে প্রবেশ করে ২০১৩ সালে লিবারেল পার্টির নেতা হন এবং ২০১৫ সালে প্রধানমন্ত্রী নির্বাচিত হন। তাঁর শাসনকালে জলবায়ু পরিবর্তন মোকাবিলা, বহুসংস্কৃতি, অভিবাসননীতি এবং মধ্যবিত্তের সহায়তায় নানা উদ্যোগ নেওয়া হয়। তবে কোভিড-১৯, মূল্যস্ফীতি, আবাসনসংকট ও আন্তর্জাতিক চ্যালেঞ্জ তাঁর জনপ্রিয়তা হ্রাস করে।
দলীয় অসন্তোষ, মন্ত্রিসভার পদত্যাগ এবং প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির এগিয়ে যাওয়ার প্রেক্ষাপটে ২০২৫ সালের ৬ জানুয়ারি ট্রুডো প্রধানমন্ত্রী ও লিবারেল পার্টির নেতা পদ থেকে সরে দাঁড়ান। মার্চ ২০২৫ থেকে মার্ক কার্নি প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন।
বিচ্ছেদের পর সোফি অটোয়ার একটি বাড়িতে থাকছেন, তবে সন্তানদের জন্য ট্রুডোর সঙ্গে যোগাযোগ বজায় রেখেছেন। তিনি নারী ও শিশু অধিকার, মানসিক স্বাস্থ্য এবং পরিবেশ বিষয়ে কাজ চালিয়ে যাচ্ছেন, জনবক্তৃতা দিচ্ছেন এবং একটি বেস্টসেলার বই প্রকাশ করেছেন। কয়েক মাস পর অটোয়ার শিশু সার্জন মার্কোস বেত্তোলির সঙ্গে তাঁর সম্পর্কের খবরও প্রকাশ পায়।

ট্রুডো বর্তমানে সংসদ সদস্য নন, তবে ব্যক্তিগত জীবনের কারণে সংবাদ শিরোনামে আছেন। মন্ট্রিলে পপ তারকা কেটি পেরির সঙ্গে কনসার্ট ও ডিনারে দেখা যাওয়ায় নতুন সম্পর্কের গুঞ্জন ওঠে, যদিও প্রত্যক্ষদর্শীরা সম্পর্কের কোনো রোমান্টিক ইঙ্গিত দেখেননি।
একসময় বিশ্বজোড়া ‘পাওয়ার কাপল’ হিসেবে খ্যাত এই দম্পতির জীবন আজ ভিন্ন পথে এগোচ্ছে। রাজনীতি, ব্যক্তিগত স্বাধীনতা ও ভালোবাসার মাঝামাঝি ভারসাম্য রক্ষার এই গল্প সমকালীন সমাজে ব্যক্তিগত ও জনজীবনের জটিলতার এক স্পষ্ট উদাহরণ।

