তুরস্কের নেভশেহির প্রদেশে ৬০০ বছরের পুরনো একটি মসজিদের সন্ধান মিলেছে। আনাতোলিয়ান বেইলিক যুগের শেষের দিকের এই মসজিদটি পাওয়া গেছে নেভশেহির প্রদেশের উর্গুপ জেলার তাশকিনপাশা গ্রামে। গত ৫ আগস্ট সেখানে একটি পাথরের গুদামঘর পরিষ্কার করার সময় মসজিদের অস্তিত্ব ধরা পড়ে।
নেভশেহির হাজি বেকতাশ ভেলি বিশ্ববিদ্যালয়ের কলা ও বিজ্ঞান অনুষদের শিল্প ইতিহাস বিভাগের বিশেষজ্ঞদের একটি দল ওই এলাকায় পৃষ্ঠতল জরিপ চালানোর সময় মসজিদটির অবস্থান শনাক্ত করেন। মসজিদের ভেতরে পাথরের তৈরি একটি মিহরাব রয়েছে, যা এটি নামাজের জন্য ব্যবহৃত হতো তা নিশ্চিত করে।
বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক সাভাশ মারাশলি বলেন, “এই স্থাপনাটির কোনো উল্লেখ ঐতিহাসিক নথিতে পাওয়া যায় না। তবে এর অলংকরণ, নির্মাণ উপাদান ও প্রযুক্তি সেলজুক আমলের ছাপ বহন করে, যা পরবর্তী বেইলিক যুগে অব্যাহত ছিল।”
তিনি আরো বলেন, “শতাব্দীর পর শতাব্দী ধরে গোপনে থাকা এই মসজিদটি আশ্চর্যজনকভাবে ভালো অবস্থায় রয়েছে।”
সহযোগী অধ্যাপক আলপার আলতিন এ আবিষ্কারকে ‘রোমাঞ্চকর’ হিসেবে বর্ণনা করে জানান, এর গঠন ও মিহরাবের উপস্থিতি স্পষ্ট করে যে এটি ধর্মীয় উপাসনার জন্য ব্যবহৃত হতো। এই মসজিদকে ঘিরে আরও গবেষণা চালানো হবে বলে জানান তিনি।
স্থানীয় বাসিন্দা মেহমেত এরসেন (৬৩) জানান, “দশ বছর আগে কিছু পর্যটক এখানে ঘুরতে এসে মসজিদের কথা বলেছিলেন। কিন্তু এ পর্যন্ত সেখানে কোনো অনুসন্ধান হয়নি।”
তাশকিনপাশা গ্রামে এর আগেই ১৬শ শতকের তাশকিনপাশা মাদরাসা ও মসজিদ বিদ্যমান, যা এই এলাকাকে ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ করে তোলে।

