প্রায় দুই বছর ধরে চলা যুদ্ধের পর হামাসের সামরিক সক্ষমতা ভেঙে পড়েছে, আর রাজনৈতিক নেতৃত্ব পড়েছে চরম চাপে।
তবুও, আশ্চর্যজনকভাবে এই সময়েও হামাস তাদের নিয়ন্ত্রিত প্রশাসনের ৩০ হাজার কর্মচারীর বেতন পরিশোধ করে যাচ্ছে—পুরোটাই গোপন নগদ লেনদেনের মাধ্যমে।
সম্প্রতি কয়েকজন সরকারি কর্মচারী নিশ্চিত করেছেন তারা প্রতি ১০ সপ্তাহে মাত্র ২০% বেতন পাচ্ছেন, অর্থাৎ প্রায় ৩০০ ডলার করে।
এই অল্প টাকা—অনেক ক্ষেত্রেই ছেঁড়া, পুরনো নোট—আসলে তাদের পুরো বেতনের সামান্য একটি অংশ, যা চলছে চরম মুদ্রাস্ফীতির মধ্যে।
চালের কেজি ৮০ ডলার, বেতনের কিস্তি তাও অনিশ্চিত
গাজার অবস্থা এখন ভয়াবহ।
খাদ্য সংকট এমন জায়গায় পৌঁছেছে যে এক কেজি আটা বিক্রি হচ্ছে ৮০ ডলারে, যা সর্বকালের রেকর্ড।
ইসরায়েলি অবরোধের কারণে ত্রাণ প্রবেশে বাধা এবং অপুষ্টির হার মারাত্মকভাবে বেড়ে চলেছে।
এমন অবস্থায়, নগদ বেতন সংগ্রহ করাও একটা জীবনের ঝুঁকি।
কর্মচারীদের ব্যক্তিগত বা তাঁদের স্ত্রীর ফোনে একটি এনক্রিপ্টেড মেসেজ আসে—কোথায়, কখন যেতে হবে “একজন বন্ধুর সঙ্গে চা খেতে”।
ঠিক জায়গায় গেলে, একজন ব্যক্তি চুপিসারে একটি খাম হাতে দেন—তারপর সঙ্গে সঙ্গে অদৃশ্য হয়ে যান।
“বেতন তুলতে গেলে স্ত্রী-সন্তানকে বিদায় জানাই”
হামাসের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন,
“প্রতিবার বেতন তুলতে গেলে মনে হয় এটাই শেষ দেখা। কয়েকবার এমন স্থানে গেছি, যেখানে এরপরই ইসরায়েলি বোমা পড়েছে। একবার এক বাজারে বেতন নিতে গিয়ে বেঁচে ফিরেছি।”
অন্যদিকে ‘আলা’ নামে এক স্কুলশিক্ষক বলেন,
“দেড় মাস না খেয়ে থাকার পর আমাদের হাতে তুলে দেওয়া হয় ছেঁড়া-ফাটা নোট। হাজার শেকেলের মধ্যে মাত্র ২০০ ব্যবহারযোগ্য ছিল।”
তার ৬ সদস্যের পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষ সে।
“আমি এখন প্রায়ই খাবারের জন্য ত্রাণের লাইনে দাঁড়াই। কোনো দিন কিছু পাই, আবার কোনো দিন খালি হাতে ফিরি।”
এত ধ্বংসের পরও চলছে অর্থবণ্টন: কীভাবে?
হামাসের এক সিনিয়র কর্মকর্তা জানান, ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার আগে হামাস গোপনে প্রায় ৭০০ মিলিয়ন ডলার এবং বিপুল শেকেল মজুত করেছিল।
এই অর্থ মজুদ ছিল গোপন সুড়ঙ্গের ভেতরে, যা সরাসরি ইয়াহিয়া সিনওয়ার ও তার ভাই মোহাম্মদ তদারকি করতেন—তারা দুজনই ইতোমধ্যে নিহত হয়েছেন।
যুদ্ধকালেও হামাস ব্যবসায়ীদের কাছ থেকে কর আদায় করছে।
এমনকি সিগারেটের একটি প্যাকেট, যা আগে ৫ ডলার ছিল, এখন বিক্রি হচ্ছে ১৭০ ডলারে—মূল্যের ১০০ গুণ!
সাহায্য বিতরণেও পক্ষপাতিত্বের অভিযোগ
হামাস তাদের নিজস্ব কর্মী ও সমর্থকদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করছে, যা স্থানীয় ‘জরুরি কমিটির’ মাধ্যমে চালানো হয়।
এই কমিটির নেতৃত্ব প্রায়ই বদলানো হয়, কারণ ইসরায়েল তাদের ওপর বারবার হামলা চালায়।
তবে গাজার সাধারণ মানুষ অভিযোগ করছেন, এই সাহায্য শুধুই হামাসপন্থীরা পাচ্ছে, আর অন্যরা দিনরাত ক্ষুধার্ত থেকে বঞ্চিত হচ্ছে।
এক বিধবা নারীর কষ্টের কথা উঠে এসেছে—
নিসরিন খালেদ, যিনি তার তিন সন্তানকে একা লালনপালন করছেন, বলেন:
“আমার সন্তানেরা শুধু ক্ষুধায় কাঁদে না, কাঁদে এটা দেখে যে পাশের বাড়ির হামাস কর্মীরা সাদা চালের বস্তা পায়, আর আমরা পাই না।”
তার প্রশ্ন:
“ওরাই যখন এই যুদ্ধের কারণ, তাহলে যুদ্ধ শুরুর আগে কেন খাবার, পানি, ওষুধ মজুত করেনি?”
বোমার ধ্বংসস্তূপের নিচেও হামাস চালিয়ে যাচ্ছে তাদের শাসন ও সংগঠন।
কিন্তু সেই শাসনের খরচ বহন করছে গাজার সাধারণ মানুষ—ক্ষুধায়, অপমানে, অনিশ্চয়তায়।
বেতন মিললেও তা প্রাণ হাতে নিয়ে তুলতে হয়, আর সাহায্য বিতরণেও চলে দলীয় হিসাব।
গাজার বর্তমান পরিস্থিতি যেন এক ট্র্যাজেডির নাট্য মঞ্চ, যেখানে সাধারণ নাগরিকদের ভূমিকাই সবচেয়ে যন্ত্রণাদায়ক।

