ভারতীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরোপিত ৫০ শতাংশ শুল্কের জবাবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, দেশের কৃষক, জেলে এবং পশুপালকদের স্বার্থে তিনি কোনো আপস করবেন না—তবুও যদি তাকে তার জন্য চড়া মূল্যও দিতে হয়।
বৃহস্পতিবার (৭ আগস্ট) দিল্লিতে এক সম্মেলনে দেওয়া ভাষণে মোদি এসব কথা বলেন। এনডিটিভির খবরে বলা হয়, ট্রাম্পের নতুন শুল্ক ঘোষণা দেওয়ার কিছুক্ষণ পরেই এই মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, ‘কৃষকদের স্বার্থ আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। ভারত তার কৃষক, পশুপালক এবং জেলেদের স্বার্থের সঙ্গে কখনও আপস করবে না। আমি জানি এর জন্য আমাকে ব্যক্তিগতভাবে বিশাল মূল্য দিতে হতে পারে, তবে আমি প্রস্তুত।’
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একদিন আগে (বুধবার) নয়াদিল্লির রাশিয়ান অপরিশোধিত তেল আমদানি অব্যাহত রাখার জন্য ‘জরিমানা’ হিসেবে ভারতীয় রপ্তানি পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন। এর আগেই ২০ জুলাই ভারতীয় রপ্তানির ওপর প্রথম দফায় ২৫ শতাংশ শুল্ক বসানো হয়েছিল। এতে মোট শুল্কের হার দাঁড়ায় ৫০ শতাংশ, যা যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক অংশীদারদের মধ্যে সর্বোচ্চ হারের একটি।
এই শুল্কের ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত খাতগুলোর একটি হতে যাচ্ছে কৃষি, যেখান থেকে ভারত যুক্তরাষ্ট্রে বিপুল পণ্য রপ্তানি করে।
মার্কিন পদক্ষেপের কড়া সমালোচনা করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ‘রাশিয়ান তেল আমদানির কারণে ভারতকে লক্ষ্য করে শুল্ক আরোপ অন্যায় এবং অযৌক্তিক।’
তারা আরো বলেছে, ‘ভারতের আমদানি সিদ্ধান্ত বাজারের প্রয়োজন ও ১.৪ বিলিয়ন মানুষের জ্বালানি নিরাপত্তার ওপর নির্ভর করে। এমন বাস্তবতায়, যুক্তরাষ্ট্র নিজস্ব স্বার্থে পদক্ষেপ নিতে গিয়ে ভারতের ওপর অতিরিক্ত শুল্ক চাপিয়েছে, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক।’
পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট করে জানিয়ে দেয়, ভারত তার জাতীয় স্বার্থ রক্ষার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে।

