ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ‘গাজা সম্পূর্ণ দখলের’ সামরিক নির্দেশ প্রত্যাখ্যান করেছেন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়ায়েল জামির। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, মঙ্গলবার তেল আবিবে প্রধানমন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এই বিরোধ প্রকাশ্যে আসে।
বৈঠকে নেতানিয়াহুর সঙ্গে উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এবং মন্ত্রিসভার নিরাপত্তা উপকমিটির সদস্যরা। নেতানিয়াহু সেখানে সেনাপ্রধানকে কড়া ভাষায় বলেন, “আমাদের লক্ষ্য পুরো গাজা দখলে নেওয়া। হামাসের উপস্থিতির সন্দেহভাজন প্রত্যেকটি অঞ্চলে অভিযান চালাতে হবে- এমনকি সেসব এলাকাতেও, যেখানে জিম্মিদের লুকিয়ে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আপনি যদি এই লক্ষ্য বাস্তবায়নে রাজি না থাকেন, তাহলে দায়িত্ব ছেড়ে দিন।”
এ প্রস্তাবের জবাবে সেনাপ্রধান ইয়ায়েল জামির সাফ জানিয়ে দেন, পুরো গাজা দখলের সিদ্ধান্ত হবে ‘একটি মারাত্মক ভুল’। তিনি বলেন, “গাজা দখল মানেই সেখানে আমাদের স্থায়ী সামরিক উপস্থিতি— যা একপ্রকার ফাঁদে পরিণত হবে। কারণ হামাস এখনো পুরোপুরি দুর্বল হয়নি। পাশাপাশি জিম্মিদের জীবন ঝুঁকির মুখে পড়বে।”
সেনাপ্রধান আরো জানান, দীর্ঘমেয়াদি অভিযানের ফলে সেনাবাহিনীর শারীরিক ও মানসিক সক্ষমতা হ্রাস পেয়েছে। রিজার্ভ সেনাদের ওপর নির্ভর করেই বর্তমানে সামরিক কার্যক্রম চালাতে হচ্ছে। এই অবস্থায় পূর্ণ দখলের পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি।
লেফটেন্যান্ট জেনারেল জামির বলেন, “ইতোমধ্যে গাজার প্রায় ৭৫ শতাংশ এলাকা আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। তবে দুই বছরের সামরিক অভিযানে আমাদের বহু সেনা ক্লান্ত ও অবসাদগ্রস্ত হয়ে পড়েছে। আমাদের অনেক কর্মকর্তা মানসিকভাবে বিধ্বস্ত; রিজার্ভ ফোর্স দিয়ে দখলকৃত এলাকায় নিয়ন্ত্রণ ধরে রাখতে হচ্ছে।”
২০২৩ সালের ৭ অক্টোবর হামাস যোদ্ধারা ইসরায়েলের ভেতরে ঢুকে ১,২০০ জনকে হত্যা ও ২৫১ জনকে জিম্মি করার পরই গাজায় ব্যাপক সামরিক অভিযান শুরু করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। কিন্তু ২২ মাস পরেও হামাস পুরোপুরি নির্মূল হয়নি।
ইসরায়েলের ভেতরেই ক্রমবর্ধমান সংখ্যক কর্মকর্তা ও নাগরিক সামরিক নীতি নিয়ে প্রশ্ন তুলছেন। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে চলা এই অভিযানে আইডিএফ সদস্যদের মধ্যে হতাশা বেড়েছে এবং আত্মহত্যার ঘটনাও ঘটছে। ইসরায়েলি দৈনিক হারেৎজ এক প্রতিবেদনে দাবি করেছে, অভিযানের পর থেকে ৫৮ হাজার আইডিএফ সদস্য আত্মহত্যা করেছেন।
সাম্প্রতিক সময়ে আইডিএফের প্রাক্তন ও বর্তমান সদস্যদের অনেকেই যুদ্ধের অবসান চেয়ে কূটনৈতিক সমাধানকে অগ্রাধিকার দেওয়ার পক্ষে অবস্থান নিয়েছেন। ডোনাল্ড ট্রাম্পকে লেখা এক চিঠিতে প্রায় ২০০ সাবেক সেনা কর্মকর্তা ও সদস্য গাজায় অভিযান বন্ধে নেতানিয়াহুর ওপর চাপ সৃষ্টি করার আহ্বান জানিয়েছেন।
তবে ইসরায়েল সরকারের পক্ষ থেকে এখনো সেনাবাহিনীর সঙ্গে দূরত্বের বিষয়টি স্বীকার করা হয়নি। বৈঠক শেষে প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, “সেনাপ্রধানের অধিকার আছে মতামত দেওয়ার, তবে রাজনৈতিক নেতৃত্ব যে লক্ষ্য নির্ধারণ করে- বিশেষ করে গাজার মতো যুদ্ধক্ষেত্রে- তা বাস্তবায়নই সেনাবাহিনীর কর্তব্য।”

