বাংলাদেশের সীমান্তসংলগ্ন ভারতের আসাম রাজ্য সরকার স্থানীয় আদিবাসীদের অস্ত্রের লাইসেন্স দেওয়ার ঘোষণা দিয়েছে। কট্টর হিন্দুত্ববাদী মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এ ঘোষণায় রাজ্যের মুসলিম জনগোষ্ঠীর মধ্যে গভীর উদ্বেগ দেখা দিয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
আসামের মুখ্যমন্ত্রী সম্প্রতি এক বক্তব্যে সতর্ক করে বলেন, ‘‘বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাসহ নিজেদের গ্রামেও অসমীয়া ভাষাভাষী জনগণ হামলার হুমকিতে রয়েছেন।’’
উল্লেখ্য, জাতিগত, ভাষাগত ও ধর্মীয়ভাবে বিভক্ত উত্তর-পূর্বাঞ্চলীয় এই রাজ্য বহু বছর ধরে রক্তক্ষয়ী সংঘর্ষের সাক্ষী হয়ে আসছে। প্রায় ৩ কোটি ১০ লাখ জনসংখ্যার আসামে ২০১১ সালের সর্বশেষ আদমশুমারি অনুযায়ী প্রায় ৩৫ শতাংশ মুসলমান; যাদের অধিকাংশই বাংলা ভাষাভাষী। অবশিষ্ট জনসংখ্যার বেশিরভাগ হিন্দু ধর্মাবলম্বী।
মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বুধবার রাজ্যবাসীর জন্য একটি ওয়েবসাইট চালু করেন। এই ওয়েবসাইটের মাধ্যমে এমন আদিবাসী ব্যক্তিরা যারা নিজেদের জীবনের জন্য হুমকি অনুভব করেন এবং সংবেদনশীল সীমান্তঘেঁষা এলাকায় বসবাস করেন, তারা অস্ত্রের লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন।
ভারতে অস্ত্র নিয়ন্ত্রণ আইন সাধারণত অত্যন্ত কঠোর। তাই হঠাৎ করে এমন উদ্যোগে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে রাজ্যের বিভিন্ন মহলে। অনেকেই মনে করছেন, এটি রাজ্যজুড়ে অস্থিরতা ডেকে আনতে পারে।
বিরোধী দল কংগ্রেসের নেতা গৌরব গগৈ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে মন্তব্য করেন, ‘‘এই উদ্যোগে গ্যাং সহিংসতা ও প্রতিশোধমূলক অপরাধ বাড়বে। এটি সুশাসন নয় বরং এক বিপজ্জনক পশ্চাৎমুখী পদক্ষেপ।’’
উল্লেখযোগ্য যে, বিজেপি শাসিত আসামে হিমন্ত বিশ্ব শর্মা বিজেপি নেতা হিসেবে উগ্র হিন্দুত্ববাদী অবস্থান থেকে নানা ধরনের বিতর্কিত পদক্ষেপ গ্রহণ করেছেন। আসামের অসমীয়া সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীকে সমর্থন দিতে সরকার একাধিক কার্যক্রম চালাচ্ছে। এর মধ্যে রয়েছে ‘অবৈধ অনুপ্রবেশকারী’ বা ‘সন্দেহভাজন নাগরিক’দের বিরুদ্ধে ব্যাপক উচ্ছেদ অভিযান। বিশ্লেষকদের মতে, এসব অভিযানের লক্ষ্য বাংলা ভাষাভাষী মুসলমানরা, যাদের মাতৃভাষা প্রতিবেশী বাংলাদেশের রাষ্ট্রভাষা বাংলা।
যদিও অনেক বাঙালি মুসলমানই আসামের বহু পুরোনো বাসিন্দা এবং ভারতের বৈধ নাগরিক, তবু তাদেরই বারবার সন্দেহের চোখে দেখা হচ্ছে। আসামের ইতিহাস অনুযায়ী, ১৯৪৭ সালে ভারত ভাগের বহু আগেই অনেক বাঙালির শিকড় এ অঞ্চলে গড়ে উঠেছিল।
২০১৯ সালে বিতর্কিত জাতীয় নাগরিক নিবন্ধন (এনআরসি) চালু করে আসাম সরকার। এর ফলে প্রায় ২০ লাখ মানুষ নাগরিক তালিকা থেকে বাদ পড়েন, যাদের অনেকেই বাংলা ভাষাভাষী মুসলমান।
এএফপি জানিয়েছে, সম্প্রতি বাংলাদেশে ভারতের মিত্র- আওয়ামী লীগ সরকারের পতনের পর আসামে নিরাপত্তা পরিস্থিতি আরো উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। এ প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান, সীমান্তঘেঁষা জেলাগুলোর আদিবাসী জনগণ বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কারণে এক ধরনের নিরাপত্তাহীনতায় ভুগছেন।

