দুই মাসের ব্যবধানে আবারো যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। চলতি সপ্তাহেই তার এই সফর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে জুন মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে ওয়াশিংটন সফর করেছিলেন তিনি।
বৃহস্পতিবার পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
সরকারি সূত্রের বরাত দিয়ে পত্রিকাটি জানায়, এই সফরটি মূলত একটি ফিরতি সফর। গত জুলাইয়ের শেষ দিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান জেনারেল মাইকেল এরিক কুরিলার পাকিস্তান সফরের পর এবার পাল্টা সফরে যাচ্ছেন সেনাপ্রধান মুনির।
সেন্টকমের দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, জেনারেল কুরিলা দক্ষিণ এশিয়া সফরের অংশ হিসেবে পাকিস্তান সফর করেন। ওই সফরেই পাকিস্তান সরকার তাকে দেশের অন্যতম সম্মানজনক সামরিক খেতাব ‘নিশান-ই-ইমতিয়াজ’ প্রদান করে।
এর আগেও ২০২৫ সালের জুনে ফিল্ড মার্শাল আসিম মুনির যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন। সে সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজে আমন্ত্রণ জানান। সাধারণত রাষ্ট্র বা সরকারপ্রধানদের জন্য সংরক্ষিত এই আমন্ত্রণ, মুনিরের কূটনৈতিক গুরুত্বকেই প্রতিফলিত করে।
তবে এবারের সফর সম্পর্কে পাকিস্তানের সেনাবাহিনী (আইএসপিআর) কিংবা যুক্তরাষ্ট্রে পাকিস্তানের দূতাবাস এখনো আনুষ্ঠানিক কিছু জানায়নি। যদিও আগের সফরেই মুনির ইঙ্গিত দিয়েছিলেন যে বছর শেষে তিনি ফের যুক্তরাষ্ট্রে যাবেন।
দ্য ডন আরো জানিয়েছে, এই সফর এমন এক সময়ে হচ্ছে, যখন মার্কিন কংগ্রেসের এক সাম্প্রতিক শুনানিতে জেনারেল কুরিলা পাকিস্তানকে “সন্ত্রাসবিরোধী অভিযানের চমৎকার অংশীদার” হিসেবে উল্লেখ করেছেন। এছাড়া তিনি ইসলামাবাদের আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় ভূমিকারও প্রশংসা করেন।
অন্যদিকে, আসিম মুনিরকে পাকিস্তানের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে বিবেচনা করা হচ্ছে— এমন গুঞ্জন ইতোমধ্যেই দৃঢ়ভাবে অস্বীকার করেছে দেশটির সামরিক বাহিনী।
ডন ডটকম জানায়, এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি বলেছেন, বর্তমান রাষ্ট্রপতিকে পদত্যাগে বাধ্য করার কিংবা সেনাপ্রধানকে রাষ্ট্রপতি করার কোনো পরিকল্পনা সরকারের নেই।
সাম্প্রতিক এক সাক্ষাৎকারে আইএসপিআরের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী গুজবটিকে “পুরোপুরি বাজে কথা” বলে উড়িয়ে দেন।

