যুক্তরাজ্যের হোমলেসনেস মিনিস্টার বা গৃহহীনবিষয়ক মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুশনারা আলী। স্থানীয় সময় বৃহস্পতিবার (৭ আগস্ট) এক বিবৃতিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী কার্যালয় ১০ ডাউনিং স্ট্রিট তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে। পরদিন শুক্রবার (৮ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পদত্যাগপত্রের ছবি প্রকাশ করে রুশনারা নিজেও বিষয়টি জনসমক্ষে আনেন।
রুশনারা আলী সম্প্রতি পূর্ব লন্ডনের বো এলাকায় নিজের বাড়ি থেকে চারজন ভাড়াটিয়াকে উচ্ছেদ করেন এবং সেই বাড়ির ভাড়া ৭০০ পাউন্ড পর্যন্ত বাড়িয়ে দেন। এক সময় ভাড়াটিয়াদের অধিকার রক্ষায় সোচ্চার থাকা এই এমপির এমন সিদ্ধান্তে বিস্তর সমালোচনা শুরু হয়। সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার পাশাপাশি সংবাদমাধ্যমেও বিষয়টি তুলে ধরা হয়।
ঘনিষ্ঠ সূত্র জানায়, রুশনারা মূলত বাড়িটি বিক্রির উদ্দেশ্যে ভাড়াটিয়াদের সরিয়েছিলেন। কিন্তু কাঙ্ক্ষিত ক্রেতা না পাওয়ায় পরবর্তীতে আবারো বাড়িটি ভাড়া দেন। তবে এ পদক্ষেপ তার রাজনৈতিক অবস্থান ও নীতির সঙ্গে সাংঘর্ষিক বিবেচিত হওয়ায় তা ব্যাপক বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে।
প্রধানমন্ত্রী কিয়ার স্টার্মার বরাবর পাঠানো পদত্যাগপত্রে রুশনারা আলী লেখেন, “প্রিয় প্রধানমন্ত্রী, ভারাক্রান্ত মনে আমি মন্ত্রী হিসেবে পদত্যাগের প্রস্তাব দিচ্ছি। লেবার সরকারের প্রতি আমার আনুগত্য সবসময় বজায় থাকবে। আমি সবসময় আইন মেনে চলার চেষ্টা করেছি এবং দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করেছি। তবে আমার ব্যক্তিগত বিষয়ে চলমান বিতর্ক সরকারের কাজে ব্যাঘাত ঘটাতে পারে- এই কারণেই আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।”
রুশনারা আলী যুক্তরাজ্য পার্লামেন্টে নির্বাচিত প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এমপি। তিনি ২০১০ সাল থেকে পূর্ব লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস এলাকার বেথনালগ্রিন ও স্টেপনি আসন থেকে টানা পাঁচবার এমপি নির্বাচিত হয়েছেন। সর্বশেষ ২০২৪ সালের নির্বাচনে লেবার পার্টির মনোনয়নে তিনি এই আসন থেকে পুনরায় জয়ী হন।
তার আলীর জন্ম সিলেটে। মাত্র সাত বছর বয়সে তার পরিবার যুক্তরাজ্যে পাড়ি জমায়। তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটির সেন্ট জনস কলেজ থেকে দর্শন, রাজনীতি ও অর্থনীতিতে স্নাতক সম্পন্ন করেন। ব্রিটিশ রাজনীতিতে তার পদচারণা শুরু হয় তরুণ বয়সে এবং ধীরে ধীরে তিনি লেবার পার্টির গুরুত্বপূর্ণ মুখে পরিণত হন।
রুশনারা আলী দীর্ঘদিন ধরে নিম্নআয়ের মানুষের পক্ষে কথা বলে আসছিলেন। বিশেষ করে ভাড়াটিয়াদের অধিকার রক্ষায় তিনি ছিলেন পরিচিত। কিন্তু নিজের ব্যক্তিগত সম্পত্তি ব্যবস্থাপনায় বিপরীতমুখী আচরণ জনমনে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করে। বিশ্লেষকরা বলছেন, এই পরিস্থিতি লেবার সরকারের জন্য বিব্রতকর এবং রুশনারার পদত্যাগ তাদের অভ্যন্তরীণ নীতিনৈতিক অবস্থান নিয়েও প্রশ্ন তোলে।

