ফ্রান্সের দক্ষিণাঞ্চলে ভয়াবহ দাবানলে পুড়ে গেছে প্যারিস শহরের চেয়েও বড় একটি এলাকা। দেশটির ‘অড’ অঞ্চলে দাবানলটি ৭৫ বছরের মধ্যে সবচেয়ে ভয়ানক বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। প্রায় ৪২ হাজার একর জমি আগুনে ছারখার হয়ে গেছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির বরাতে জানা গেছে, আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে ২ হাজারেরও বেশি দমকলকর্মী ও সেনাসদস্য। ব্যবহৃত হচ্ছে ৫০০টিরও বেশি অগ্নিনির্বাপক যানবাহন ও বিমান। শুক্রবার (৮ আগস্ট) পর্যন্ত আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়নি, তবে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে বলে জানানো হয়েছে।
গত মঙ্গলবার রিবোত গ্রামের কাছে আগুনের সূত্রপাত হয়। এতে এখন পর্যন্ত একজন নারী মারা গেছেন এবং ১১ জন দমকলকর্মীসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
উপগ্রহ চিত্রে দাবানলের ধোঁয়া এবং পোড়া বনভূমির ব্যাপক বিস্তার দেখা গেছে। এরই মধ্যে অড অঞ্চলে সব ধরনের বনাঞ্চলে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। বিদ্যুৎলাইনের ঝুঁকির কারণে বন্ধ করে দেওয়া হয়েছে বহু সড়ক। খোলা হয়েছে ১৭টি অস্থায়ী আশ্রয়কেন্দ্র এবং স্থানীয়দের ঘরে না ফেরার নির্দেশনা দেওয়া হয়েছে।
জোনকিয়ের গ্রামে বেশ কিছু ঘরবাড়িও পুড়ে গেছে। গ্রামটির মেয়র জ্যাক পিরো জানিয়েছেন, “গ্রামের প্রায় ৮০ শতাংশ এলাকা সম্পূর্ণ পুড়ে গেছে। সব গাছপালা ধ্বংস হয়ে চারপাশে শুধু কালো ছাই পড়ে আছে।”
ফ্রান্সের প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরু এই দাবানলকে “অভূতপূর্ব দুর্যোগ” হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, দাবানল ছড়িয়ে পড়ার পেছনে ভূমিকা রেখেছে খরা, প্রচণ্ড গরম ও প্রবল বাতাস। ফরাসি পরিবেশমন্ত্রী আগনেস পানিয়ে-রুনাশেও জলবায়ু পরিবর্তনকেই এর জন্য দায়ী করেছেন।
রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁ দুর্যোগ মোকাবেলায় সব জাতীয় সম্পদ কাজে লাগানোর প্রতিশ্রুতি দিয়েছেন এবং জনগণকে চূড়ান্ত সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন।

