মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অতিরিক্ত শুল্ক আরোপকে ঘিরে ওয়াশিংটন ও নয়াদিল্লির মধ্যে বাণিজ্যিক উত্তেজনা বাড়তে থাকলেও, এর মধ্যেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। বৃহস্পতিবার (৭ আগস্ট) মস্কোর ক্রেমলিনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
রুশ সংবাদমাধ্যম আরটির বরাতে জানা যায়, ক্রেমলিনে দোভালকে স্বাগত জানান পুতিন। এ সময় রাশিয়ার নিরাপত্তা পরিষদের সচিব সের্গেই শোইগু এবং প্রেসিডেন্টের উপদেষ্টা ইউরি উশাকভ উপস্থিত ছিলেন। ভারতের পক্ষ থেকে দোভালের পাশাপাশি রাশিয়ায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত বিনয় কুমারও আলোচনায় অংশ নেন।
আরটির তথ্য অনুযায়ী, দোভাল মস্কো সফরে রয়েছেন উচ্চ পর্যায়ের প্রতিরক্ষা ও নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করতে। গত বছর সেপ্টেম্বরেও তিনি সেন্ট পিটার্সবার্গে পুতিনের সঙ্গে বৈঠক করেছিলেন, যেখানে ভারত-রাশিয়ার কৌশলগত অংশীদারত্ব নিয়ে বিস্তৃত আলোচনা হয়।
এদিকে, রাশিয়া থেকে অপরিশোধিত জ্বালানি তেল আমদানি অব্যাহত রাখায় ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন ডোনাল্ড ট্রাম্প। এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর ভারতের ওপর মোট শুল্কের হার দাঁড়িয়েছে ৫০ শতাংশে। এমন সময়েই মস্কোতে অনুষ্ঠিত হলো পুতিন-দোভাল বৈঠক।
দোভালের রাশিয়া সফরের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য হচ্ছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আসন্ন ভারত সফর। বৈঠকে দোভাল জানান, সফরের তারিখ এখনো চূড়ান্ত না হলেও এটি আগস্টের শেষদিকে হতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে। ইন্টারফ্যাক্স সংবাদ সংস্থাও একই তথ্য জানিয়েছে।
রুশ নিরাপত্তা পরিষদের প্রধান সের্গেই শোইগুর সঙ্গে পৃথক এক আলোচনায় দোভাল বলেন, “পুতিনের এই সফর আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ভারত তা নিয়ে অত্যন্ত উত্তেজিত ও আনন্দিত।” তিনি আরও বলেন, “এই সফর ভারত-রাশিয়া সম্পর্কের একটি মাইলফলক হয়ে থাকবে।”
মস্কোয় অনুষ্ঠিত এই বৈঠকে দুই পক্ষই দ্বিপাক্ষিক কৌশলগত অংশীদারত্বের প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। এমন সময়ে এই আলোচনাগুলো অনুষ্ঠিত হলো, যখন নয়াদিল্লি ও ওয়াশিংটনের মধ্যে রাশিয়া-ভারত বাণিজ্যকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা বিরাজ করছে।

