উত্তর-পূর্ব আফ্রিকার দেশ সুদানে সেনাবাহিনীর সঙ্গে আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর মধ্যে দীর্ঘদিন ধরে গৃহযুদ্ধ চলছে। এই সংঘাতে আন্তর্জাতিক মহলের একাধিক দেশের সম্পৃক্ততার অভিযোগও ক্রমাগত উঠে আসছে। সর্বশেষ ঘটনায়- সুদানের সেনাবাহিনী দাবি করেছে, তারা সংযুক্ত আরব আমিরাতের একটি সামরিক কার্গো বিমান ধ্বংস করেছে, যেটিতে কলম্বিয়ান ভাড়াটে সেনা ও অস্ত্রশস্ত্র বহন করা হচ্ছিল আরএসএফ-এর জন্য।
গত বুধবার দারফুর অঞ্চলের নায়লা বিমানবন্দরে এই হামলার ঘটনা ঘটে। বিমানটি পারস্য উপসাগরে অবস্থিত আমিরাতের একটি সামরিক ঘাঁটি থেকে রওনা হয়েছিল। বিমানবন্দরে অবতরণের মুহূর্তেই এটি রকেট হামলার শিকার হয়। এতে বিমানের চালকসহ ৪০ জন কলম্বিয়ান ভাড়াটে সেনা নিহত হয়েছেন।
সুদানের সামরিক বাহিনীর একটি সূত্রকে বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বিমানে থাকা কারোই বেঁচে থাকার সম্ভাবনা নেই এবং উড়োজাহাজটি সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে।
২০২৩ সালের এপ্রিল মাস থেকে সুদানে সামরিক বাহিনী ও আরএসএফ-এর মধ্যে সংঘাত শুরু হয় এবং তা এখনো চলমান। সুদানের সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল বুরহান দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন, সংযুক্ত আরব আমিরাত গোপনে আরএসএফকে অস্ত্র, অর্থ ও ভাড়াটে সেনা দিয়ে সহায়তা করছে। তার দাবি, কলম্বিয়া থেকে রিক্রুট করা ভাড়াটে সেনাদের আরএসএফ-এর পক্ষে যুদ্ধ করতে পাঠানো হচ্ছে আমিরাতের মাধ্যমে।
এই ঘটনার পর এখন পর্যন্ত আরএসএফ এবং সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক পোস্টে জানিয়েছেন, নিহত সেনাদের মরদেহ দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন তিনি।
জাতিসংঘের সাম্প্রতিক এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের শেষ দিক থেকে আরএসএফ-এর হয়ে সুদানে কলম্বিয়ান ভাড়াটে সেনারা সক্রিয়ভাবে যুদ্ধ করছে। সুদানের সেনাবাহিনী জানিয়েছে, বর্তমানে আরএসএফ-এর হয়ে ৮০ জনের বেশি কলম্বিয়ান সেনা লড়াই করছে, যা দেশটির নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে দেখা হচ্ছে।
এই ঘটনার মাধ্যমে সুদানের গৃহযুদ্ধ আবারও আন্তর্জাতিক দৃষ্টিকে আকর্ষণ করেছে। বিদেশি ভাড়াটে সেনা, গোপন সমর্থন এবং আন্তর্জাতিক হস্তক্ষেপের প্রশ্নে এই সংঘাত আরো জটিল ও উত্তপ্ত হয়ে উঠছে।

