মার্কিন বিমানবাহিনী নির্ভুল ক্ষেপণাস্ত্র পরীক্ষার লক্ষ্যবস্তু হিসেবে ব্যবহারের জন্য দুটি টেসলা সাইবার ট্রাক কেনার পরিকল্পনা করেছে। প্রশিক্ষণমূলক এই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে নিউ মেক্সিকোর হোয়াইট স্যান্ডস মিসাইল রেঞ্জে (WSMR)।
সম্প্রতি অনলাইনে প্রকাশিত চুক্তির নথি অনুযায়ী, বিমানবাহিনীর এয়ার ফোর্স টেস্ট সেন্টার (AFTC) এই যানগুলোকে বিশেষভাবে টার্গেট প্র্যাকটিসের জন্য সংগ্রহ করবে। সাইবার ট্রাক ছাড়াও বিমানবাহিনী আরও ৩৩টি ভিন্ন ধরনের লক্ষ্যবস্তু যান কেনার পরিকল্পনা করছে, যার মধ্যে রয়েছে সেডান, পিকআপ, এসইউভি ও বংগো ট্রাক। তবে নির্দিষ্ট ব্র্যান্ড হিসেবে তালিকায় একমাত্র টেসলার সাইবার ট্রাকই অন্তর্ভুক্ত।
এই যানগুলো মার্কিন স্পেশাল অপারেশন কমান্ডের (SOCOM) স্ট্যান্ড অফ প্রিসিশন গাইডেড মুনিশন (SOPGM) প্রোগ্রাম এবং সংশ্লিষ্ট প্রশিক্ষণে ব্যবহৃত হবে। লক্ষ্যবস্তু বানিয়ে AGM-114 হেলফায়ারের একাধিক সংস্করণ, AGM-176 গ্রিফিন মিসাইল, GBU-69/B স্মল গ্লাইড মুনিশন (SGM) এবং GBU-39B/B লেজার স্মল ডায়ামিটার বোমা (LSDB) নিক্ষেপ করে পরীক্ষা চালানো হবে।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষাবিষয়ক সংবাদমাধ্যম দ্য ওয়ার জোন জানিয়েছে, ‘টার্গেট ভেহিকল ট্রেনিং ফ্লাইট টেস্ট ইভেন্টস’-এর জন্য দুটি সাইবার ট্রাক কেনা হবে। ভবিষ্যতে শত্রুপক্ষ সামরিক কাজে এই মডেলের যান ব্যবহার করতে পারে, তাই আগে থেকেই সেটি ধ্বংস করার কৌশল ও সক্ষমতা যাচাই জরুরি বলে মনে করছে মার্কিন সামরিক বাহিনী। চুক্তিতে উল্লেখ করা হয়েছে, যুদ্ধক্ষেত্রে শত্রু এমন শক্তপোক্ত যান ব্যবহার করলে বড় ধরনের আঘাতেও প্রত্যাশিত ক্ষতি নাও হতে পারে, ফলে এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি প্রয়োজন।
ইলন মাস্ক দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন, স্টেইনলেস স্টিল বডি ও বুলেটপ্রুফ জানালার কারণে সাইবার ট্রাক ভবিষ্যতের সাঁজোয়া যানসম শক্তি ধারণ করে। এবার ক্ষেপণাস্ত্র ও অন্যান্য ধ্বংসাত্মক অস্ত্রের আঘাতে এই বৈদ্যুতিক পিকআপ আসলেই কতটা টিকে থাকতে পারে, তা পরীক্ষায় প্রমাণিত হবে।
চুক্তির আবেদনে সাইবার ট্রাকের বিশেষ বৈশিষ্ট্যের কথা উল্লেখ করা হয়েছে, যেমন—স্টেইনলেস স্টিল এক্সোস্কেলেটন এবং ৪৮ ভোল্ট বৈদ্যুতিক স্থাপত্য। ২০১৯ সালে সান ফ্রান্সিসকোতে একটি এয়ারফোর্স ইভেন্টে মাস্ক নিজেও এই মডেলের সামরিক সম্ভাবনা নিয়ে মন্তব্য করেছিলেন। চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ২০২৫ সালের ক্রয় পরিকল্পনায় ৪০০ মিলিয়ন ডলারের সাঁজোয়া টেসলা কেনার প্রস্তাব আসে। এমনকি কূটনীতিকদের জন্য সাইবার ট্রাককে সাঁজোয়া যান হিসেবে ব্যবহারের কথাও শোনা গিয়েছিল।
তবে সাম্প্রতিক সময়ে সাইবার ট্রাকের জনপ্রিয়তা হ্রাস পেয়েছে। মাস্কের পূর্বাভাস ছিল, বছরে পাঁচ লাখের বেশি ইউনিট বিক্রি হবে, কিন্তু গত বছর বিক্রি হয়েছে ৫০ হাজারেরও কম। ব্র্যান্ড ইমেজ সংকটের কারণে বিক্রি আরো কমতে পারে বলে ধারণা করা হচ্ছে।

