যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘ওয়ান বিগ বিউটিফুল’ বিলের কারণে ২০ লাখের বেশি মার্কিন অভিবাসী ও নিম্ন আয়ের মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হওয়ার ঝুঁকিতে পড়েছেন। এতে যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রায় ২ লাখ বাংলাদেশি অভিবাসীও সরাসরি ও পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হবেন। ২০২৬-২৭ সালের বাজেটে স্বাস্থ্য খাতে প্রায় ১ লাখ কোটি ডলার কাটছাঁট করার প্রস্তাব রয়েছে।
মেডিকেয়ার ও মেডিকেইডে বড় ধরনের বাজেট কমানোর ফলে সবচেয়ে বেশি অসুবিধা পাবে নিম্ন আয়ের পরিবার ও অভিবাসীরা। বিশেষত নথিপত্রহীন মানুষজন স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হবেন, কারণ যুক্তরাষ্ট্রে চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া ওষুধ কেনা যায় না।
বাজেট প্রস্তাবনায় মানসিক অসুস্থদের জন্য বরাদ্দ বা নির্দেশনা অপ্রতুল এবং এতে স্বাস্থ্যসেবা সম্পর্কিত চাকরিও কমে যেতে পারে। ‘ওয়ান বিগ বিউটিফুল’ বিলের ১ হাজার ১১৬ পৃষ্ঠার মধ্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ বিষয়ক মাত্র ৪৮ পৃষ্ঠা রাখা হয়েছে, যা বিশাল বাজেটের তুলনায় কম।
যুক্তরাষ্ট্রে বসবাসরত অভিবাসী সানি খান বলেন, নিউইয়র্ক, নিউজার্সি, ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, টেক্সাস, মিশিগানসহ বিভিন্ন অঙ্গরাজ্যে চার লাখের বেশি বাংলাদেশি থাকেন, যাদের বেশিরভাগই মধ্য ও নিম্ন আয়ের কাজের সঙ্গে যুক্ত এবং স্বাস্থ্য সহযোগিতার ওপর নির্ভরশীল। হোম কেয়ার, রাইড শেয়ার, রেস্তোরাঁ, ডেলিভারি ও ট্যাক্সিচালকরা ক্ষতিগ্রস্ত হবেন।
অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট-২৫-এর ডিস্ট্রিক্ট লিডার দিলীপ নাথ বলেন, স্বাস্থ্য খাতে প্রায় ১ লাখ কোটি ডলার কাটছাঁট করা হবে। মেডিকেইড ও খাদ্যসহায়তার প্রোগ্রাম এসএনএপি থেকে প্রায় ৭৯ হাজার ৩০০ কোটি, অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট থেকে ৩০ হাজার কোটি ও মেডিকেয়ার থেকে ৫০ কোটি ডলার কাটা হবে।
ফলস্বরূপ, যুক্তরাষ্ট্রের প্রায় ২ কোটি ৩০ লাখ মানুষ এবং প্রায় ২ থেকে আড়াই লাখ বাংলাদেশি অভিবাসী স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হবেন। অনেক হোম কেয়ার, ডে-কেয়ার ও হাসপাতালও বন্ধ হয়ে যেতে পারে।
৬৫ বছরের বেশি প্রবীণদের অনেকেই মেডিকেইডের ওপর নির্ভরশীল। হোম কেয়ার, নার্সিং কেয়ার ও ওষুধপত্রের ব্যয় সরকারি এই খাত থেকে মেটানো হয়।
ইমিগ্র্যান্ট এল্ডার হোম কেয়ারের কর্ণধার গিয়াস আহমেদ বাজেটের কিছু অংশ প্রশংসা করে বলেন, যুক্তরাষ্ট্রে ১৯ থেকে ৬৪ বছর বয়সী যারা কাজ করার সামর্থ্য থাকা সত্ত্বেও সপ্তাহে ২০ ঘণ্টা কাজ করেন না, তারা মেডিকেইড থেকে বঞ্চিত হবেন। ৬৫ বছরের ওপরে সিনিয়র নাগরিকদের ক্ষেত্রে কোনো তারতম্য হবে না।
গিয়াস আরো বলেন, “যারা ক্যাশে কাজ করে নিয়মিত ট্যাক্স দেন না এবং সরকারি সহযোগিতার ওপর নির্ভরশীল, তাদের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার নেই।”

