বাংলাদেশ ও ভারতের মধ্যে যৌথ নদী কমিশনের (জেআরসি) গুরুত্বপূর্ণ বৈঠক আগামীকাল ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। বৈঠকে দুই দেশের প্রতিনিধিরা গঙ্গা ও পদ্মা নদীর পানি বণ্টনসংক্রান্ত বিভিন্ন তথ্য-উপাত্ত বিনিময় করবেন। তবে আগামী ১২ ডিসেম্বর মেয়াদ শেষ হতে যাওয়া গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়ন কিংবা নতুন চুক্তি স্বাক্ষরের বিষয়টি এবারের আলোচ্যসূচিতে রাখা হয়নি বলে জানিয়েছে যৌথ নদী কমিশন।
এর আগে গত ২২ মে ভারতের কলকাতায় দুই দেশের মধ্যে গঙ্গার পানি বণ্টনসংক্রান্ত তথ্য আদান-প্রদানের সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। ১৯৯৬ সালে স্বাক্ষরিত ৩০ বছর মেয়াদি চুক্তির আওতায় এটিই হতে যাচ্ছে দুই দেশের মধ্যকার সর্বশেষ আনুষ্ঠানিক বৈঠক।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, গঙ্গার উজানে ভারত ২৯টি বাঁধ ও জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছে। এর প্রভাবে শুষ্ক মৌসুমে বাংলাদেশের মধ্য ও দক্ষিণাঞ্চলে পদ্মা নদীর পানিপ্রবাহ উল্লেখযোগ্যভাবে কমে যায়। অনেক এলাকায় নদী প্রায় পানিশূন্য হয়ে পড়ায় কৃষি, মৎস্যসম্পদ ও পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব তৈরি হচ্ছে।
বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রথম গঙ্গার পানি বণ্টন চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৭৭ সালে। ওই চুক্তিতে শুষ্ক মৌসুমে বাংলাদেশের জন্য ৩৪ হাজার ৫০০ কিউসেক পানি পাওয়ার বিধান ছিল। পরবর্তী সময়ে ১৯৯৬ সালে দুই দেশ ৩০ বছর মেয়াদি নতুন চুক্তিতে সই করে।
১৯৯৬ সালের চুক্তি অনুযায়ী, প্রতি বছর ১১ মার্চ থেকে ১০ মে পর্যন্ত শুষ্ক মৌসুমে উভয় দেশ ১০ দিন পরপর ৩৫ হাজার কিউসেক পানি পাওয়ার কথা রয়েছে। আগামী ১২ ডিসেম্বর চুক্তিটির মেয়াদ আনুষ্ঠানিকভাবে শেষ হচ্ছে।
এদিকে, নতুন চুক্তি স্বাক্ষর কিংবা বিদ্যমান চুক্তির মেয়াদ বাড়ানোর প্রক্রিয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে রাজনৈতিক দূরত্বের কারণে এ বিষয়ে সমঝোতা কঠিন হতে পারে।
অন্যদিকে, বাংলাদেশের পক্ষ থেকে ভবিষ্যৎ চুক্তিতে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করার দাবি জোরালো হচ্ছে। বিদ্যমান চুক্তি নবায়ন করা হোক কিংবা নতুন চুক্তি করা হোক, বাংলাদেশ যেন নির্দিষ্ট পরিমাণ পানি পাওয়ার নিশ্চয়তা পায়, সে জন্য চুক্তিতে বিশেষ শর্ত বা ‘গ্যারান্টি ক্লজ’ যুক্ত করার দাবি জানানো হচ্ছে। এর মাধ্যমে প্রাপ্য পানির পরিমাণ নিশ্চিত করার পাশাপাশি চুক্তির বাস্তবায়নেও স্পষ্ট বাধ্যবাধকতা রাখতে চায় বাংলাদেশ।

