যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে ১০০ কোটি ডলারের জরিমানা দাবি করেছেন। অভিযোগ, ২০২৪ সালে বিশ্ববিদ্যালয়ের লস অ্যাঞ্জেলেস ক্যাম্পাসে ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের বিক্ষোভ চলাকালে ইহুদিবিদ্বেষী হামলার ঘটনা ঘটে। এই ঘটনার জন্য ট্রাম্প প্রশাসন এই জরিমানা আদায়ের কথা বলছে।
সম্প্রতি একই ধরনের অভিযোগে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়কেও জরিমানা দেওয়া হয়েছে। তবে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের দেওয়া জরিমানার পরিমাণের চেয়ে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের জরিমানা পাঁচ গুণ বেশি। বিশ্ববিদ্যালয়ের এক সিনিয়র কর্মকর্তা জানান, এত বড় জরিমানা দিতে হলে বিশ্ববিদ্যালয় ব্যবস্থাপনায় মারাত্মক ধস নেমে আসবে।
ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় যুক্তরাষ্ট্রের সেরা সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে নিয়মিত শীর্ষে থাকে। বিশ্ববিদ্যালয়ের ১০টি ক্যাম্পাসের মধ্যে লস অ্যাঞ্জেলেস ভিত্তিক ইউসিএলএ অন্যতম। বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট জেমস মিলিকেন সব ক্যাম্পাসের তত্ত্বাবধান করেন।
মিলিকেন বলেন, ‘গতকালই আমরা ১০০ কোটি ডলারের জরিমানা দাবির খবর পেয়েছি এবং তা পর্যালোচনা করছি।’ তিনি আরও জানান, ‘সরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে আমরা করদাতাদের অর্থের রক্ষক। এত বিপুল জরিমানা আমাদের বিশ্ববিদ্যালয় ব্যবস্থাকে সম্পূর্ণ বিপর্যস্ত করে দেবে। এতে শিক্ষার্থী ও ক্যালিফোর্নিয়া রাজ্যের মানুষও ক্ষতিগ্রস্ত হবে।’
যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষ প্রযুক্তি ও উন্নত চিকিৎসা ব্যবস্থার জন্য ইউসিএলএ এবং ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ওপর নির্ভর করে। এই কাজগুলো দেশের অর্থনীতি সমৃদ্ধ করে এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করে। গতকাল এক সংবাদ সম্মেলনে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসমকে ট্রাম্পের জরিমানা নিয়ে প্রশ্ন করা হয়। তিনি বিশ্ববিদ্যালয় বোর্ডের সদস্যও। নিউসম বলেন, ‘আমরা এই মামলার বিরুদ্ধে লড়াই করব।’ তিনি অভিযোগ করেন, ‘ট্রাম্প প্রেসিডেন্ট একাডেমিক স্বাধীনতাকে দমন করতে চাইছেন।’
নিউসম জানান, ক্যালিফোর্নিয়া রাজ্যে অনেক বিজ্ঞানী, প্রকৌশলী ও নোবেল বিজয়ী থাকায় এই রাজ্যের অর্থনীতি অন্য রাজ্যের তুলনায় এগিয়ে। এ জন্য তিনি ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অবদান স্বীকার করেন। বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ট্রাম্প প্রশাসন জরিমানা কিস্তিতে আদায় করতে চায়। পাশাপাশি বিশ্ববিদ্যালয়কে আলাদা তহবিলে ১৭ কোটি ২০ লাখ ডলার জমা দিতে বলা হয়েছে। এই তহবিল থেকে ইহুদি শিক্ষার্থী ও বৈষম্যের শিকার শিক্ষার্থীদের ক্ষতিপূরণ দেওয়া হবে।
২০২৪ সালে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ হয়। কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় ও ইউসিএলএতে শিক্ষার্থীরা তাঁবুতে অবস্থান নিয়েছিলেন। পুলিশ বিক্ষোভকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছিল। প্রেসিডেন্ট জো বাইডেন শৃঙ্খলা বজায় রাখতে নির্দেশ দিয়েছিলেন।
ট্রাম্প জানুয়ারি থেকে হোয়াইট হাউসে ফিরে আসার পর থেকে বিশ্ববিদ্যালয়গুলোকে বিভিন্ন অভিযোগে নিশানা করে আসছেন। ইতিমধ্যে ইউসিএলএ থেকে ৫০ কোটি ডলারের চিকিৎসা ও বিজ্ঞান গবেষণা অনুদান আটকে রাখা হয়েছে।

