পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে সেনাবাহিনীর অভিযানে ৩৩ জন আফগান সন্ত্রাসী নিহত হয়েছে। শুক্রবার এক বিবৃতিতে পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ দপ্তর আইএসপিআর এ তথ্য জানিয়েছে।
বেলুচিস্তানের সঙ্গে আফগানিস্তানের একাধিক সীমান্ত রয়েছে। আইএসপিআরের তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার বেলুচিস্তানের ঝোব জেলার সাম্বাজা সীমান্ত দিয়ে আফগানিস্তান থেকে একদল সন্ত্রাসী অনুপ্রবেশ করে। তাদের উপস্থিতি শনাক্ত করে পাকিস্তান সেনারা গুলি চালায়, পাল্টা গুলি চালায় অনুপ্রবেশকারীরাও। কয়েক ঘণ্টার বন্দুকযুদ্ধের পর সেনারা ৩৩ জন সন্ত্রাসীর মরদেহ উদ্ধার করে। আইএসপিআরের ভাষ্যে, “৩৩ জনকে নরকে পাঠানো হয়েছে।”
আইএসপিআর জানিয়েছে, নিহতরা আফগানিস্তানের নাগরিক হলেও পাকিস্তানি তালেবান গোষ্ঠী তেহরিক-ই তালিবান পাকিস্তান (টিটিপি)-এর সঙ্গে যুক্ত ছিল এবং বেলুচিস্তানে টিটিপির সাংগঠনিক কার্যক্রম বিস্তারের উদ্দেশ্যে এসেছিল। ঘটনাস্থল থেকে সেনারা বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গুলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করেছে।
আইএসপিআর আরো দাবি করেছে, এই অনুপ্রবেশকারীরা ভারতের মদতপুষ্ট। বিবৃতিতে বলা হয়েছে, “পাকিস্তান সেনাবাহিনী দেশের সীমান্ত সুরক্ষা এবং ভারতীয় মদতপুষ্ট সন্ত্রাসবাদ দমন করতে অঙ্গীকারবদ্ধ।”
এদিকে পাকিস্তানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম রেডিও পাকিস্তান জানিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার টিটিপির অন্যতম ঘাঁটি খাইবার পাখতুনখোয়ার বান্নু জেলায় অভিযান চালাচ্ছে সেনা-পুলিশ যৌথ বাহিনী। তবে এ অভিযানে এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

