গাজা সম্পূর্ণ দখল করার ইচ্ছা প্রকাশ করায় দেশ-বিদেশে তীব্র সমালোচনার মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। আন্তর্জাতিক চাপ ও অভ্যন্তরীণ বিরোধিতার পর শুক্রবার তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট দিয়ে পূর্বের বক্তব্য বদলে জানান, ইসরায়েলের লক্ষ্য গাজা দখল নয়, বরং হামাসের নিয়ন্ত্রণ থেকে মুক্ত করা।
নেতানিয়াহু লিখেন, “গাজাকে অসামরিকীকরণ করা হবে এবং সেখানে শান্তিপূর্ণ বেসামরিক সরকার প্রতিষ্ঠা করা হবে, যার কোনো সদস্য প্যালেস্টাইনিয়ান অথরিটি, হামাস বা অন্য কোনো সন্ত্রাসী সংগঠনের সঙ্গে যুক্ত থাকবে না।” তার দাবি, এই লক্ষ্য পূরণ হলে জিম্মি উদ্ধার সহজ হবে এবং গাজা ইসরায়েলের জন্য আর হুমকি হয়ে থাকবে না।
এর আগে, ৫ আগস্ট তেল আবিবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়ায়েল জামিরের সঙ্গে বৈঠকে নেতানিয়াহু বলেন, “আমাদের লক্ষ্য পুরো গাজা দখল করা। এজন্য সর্বত্র অভিযান চালাতে হবে, এমনকি যেসব এলাকায় হামাস জিম্মি লুকিয়ে রেখেছে বলে সন্দেহ, সেখানেও অভিযান হবে। এই লক্ষ্য পছন্দ না হলে পদত্যাগ করুন।”
বৈঠকে মন্ত্রিসভার সদস্যরা তার সঙ্গে একমত হলেও সেনাপ্রধান সতর্ক করেন, গাজা দখল সেনাদের জন্য ফাঁদ হতে পারে, জিম্মিদের জীবন ঝুঁকিতে ফেলবে এবং বর্তমান পরিস্থিতিতে পূর্ণ দখলের অভিযান সম্ভব নয়। তবে নেতানিয়াহু এই সতর্কতা উপেক্ষা করে অবস্থানে অটল থাকেন এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যম ফক্স নিউজ অনুসারে, (৮ আগস্ট) দখলের লক্ষ্য পুনর্ব্যক্ত করেন।
এই মন্তব্য প্রকাশের পর ফ্রান্স, অস্ট্রেলিয়া, ইতালি, নিউজিল্যান্ড, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, সৌদি আরব, মিসরসহ বহু দেশ তীব্র নিন্দা জানায়। জার্মানি ইসরায়েলে অস্ত্র রপ্তানি স্থগিতের ঘোষণা দেয়। ইসরায়েলের বিরোধীদলীয় নেতা ইয়াইর লাপিদও সমালোচনা করেন।
ঘরে-বাইরের সমালোচনার চাপের মধ্যেই শুক্রবার নেতানিয়াহু তার অবস্থান পরিবর্তন করেন।


