গত জুনের শুরুর দিকে পাকিস্তানের বিরুদ্ধে পরিচালিত সামরিক অভিযান ‘অপারেশন সিঁদুর’ নিয়ে নতুন তথ্য প্রকাশ করেছেন ভারতের বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল অমরপ্রীত (এপি) সিং। তার দাবি, ওই অভিযানে পাকিস্তানের অন্তত ছয়টি বিমান ধ্বংস করেছে ভারতীয় বাহিনী।
শুক্রবার কর্ণাটকের বেঙ্গালুরুতে ভারতীয় বিমান বাহিনীর বার্ষিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি জানান, ধ্বংস হওয়া বিমানের মধ্যে পাঁচটি যুদ্ধবিমান ও একটি সামরিক কার্গো ছিল। বিমানগুলো ভূমি থেকে রকেট ফায়ারের মাধ্যমে প্রায় ৩০০ কিলোমিটার দূর থেকে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। এ ধরনের সাফল্য এর আগে অর্জিত হয়নি বলেও দাবি করেন তিনি।
এয়ার চিফ মার্শাল আরো জানান, এই ছয়টি বিমান ধ্বংসে ব্যবহৃত হয়েছে রাশিয়ার তৈরি ‘এস-৪০০’ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এছাড়া পাকিস্তানের জাকোবাবাদ সামরিক ঘাঁটিতে হামলার সময় এফ-১৬ যুদ্ধবিমানের হ্যাঙ্গারের অর্ধেক ধ্বংস হয়েছে বলে দাবি করেন তিনি। তার মতে, হ্যাঙ্গারের ভেতরে থাকা কিছু বিমানও ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রসঙ্গত, গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মিরে জঙ্গি হামলায় ২৫ ভারতীয় ও একজন নেপালি পর্যটক নিহত হন। পাকিস্তানভিত্তিক জঙ্গি গোষ্ঠী দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট হামলার দায় স্বীকার করলেও পাকিস্তান সরকার ভারতের অভিযোগ অস্বীকার করে।
এই ঘটনার পর ৪-৭ জুন পর্যন্ত আজাদ কাশ্মির, পাঞ্জাব ও সিন্ধে অভিযান চালায় ভারতীয় বিমান বাহিনী, যার নাম দেওয়া হয় ‘অপারেশন সিঁদুর’। পরে পাকিস্তান পাল্টা ‘অপারেশন বুনিয়ান উল মারসুস’ শুরু করে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে দুই দেশ যুদ্ধবিরতিতে যায়।

