গাজা উপত্যকায় চলমান মানবিক সংকট ও সহিংসতার বিরুদ্ধে অস্ট্রেলিয়ায় ইতিহাসের অন্যতম বৃহৎ ফিলিস্তিনপন্থী বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। গত রোববার সিডনি হারবার ব্রিজে শীতল বাতাস ও ভারি বৃষ্টির মধ্যেও লাখো মানুষ অংশ নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ, অস্ত্র বাণিজ্য বন্ধ, গাজায় ত্রাণ পৌঁছানো ও অবিলম্বে যুদ্ধবিরতি দাবি করে পদযাত্রা করে।
স্থানীয় পুলিশ জানায়, বিক্ষোভে অন্তত ৯০ হাজার মানুষ উপস্থিত ছিলেন, তবে আয়োজকদের দাবি তা ছিল প্রায় ৩ লাখ। প্যালেস্টিনিয়ান অ্যাকশন গ্রুপের নেতা জশ লি বলেন, “গাজার বাস্তবতা দেখে যারা আতঙ্কিত তাদের কল্পনা নাড়া দিতে এ পদযাত্রা সাহসী ও প্রতীকী উদ্যোগ হিসেবে কাজ করেছে। এবার সমর্থন এসেছে গির্জা, ট্রেড ইউনিয়ন, সংসদ সদস্য ও সমাজের বিভিন্ন স্তর থেকে, যা আগে দেখা যায়নি।”
অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং বলেন, “গাজার পরিস্থিতি দেখে অস্ট্রেলিয়ানদের মধ্যে ক্ষোভ ও বেদনা স্বাভাবিক। সরকার যুদ্ধবিরতি ও শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করছে।”
দেশটির লেবার সরকার, যার নেতৃত্বে রয়েছেন প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ, সেপ্টেম্বর মাসে জাতিসংঘ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে রাষ্ট্র স্বীকৃতি দেওয়ার বিষয়ে ক্রমবর্ধমান চাপের মুখে। যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডা ইতিমধ্যে এ পথে হাঁটার অঙ্গীকার করেছে।
অস্ট্রেলিয়া ইতোমধ্যে পশ্চিম তীরে সহিংসতা উসকে দেয়ার অভিযোগে ইসরায়েলের দুই চরম ডানপন্থী মন্ত্রীর প্রবেশ নিষেধাজ্ঞা দিয়েছে। মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ ইয়ান পারমেটার বলেন, ইসরায়েলের ওপর কার্যকর চাপ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে। সাবেক মানবাধিকার সংস্থার নির্বাহী পরিচালক কেনেথ রথ জানান, ট্রাম্প সামরিক সহায়তা শর্তসাপেক্ষ করতে পারেন, তবে তিনি যুদ্ধ থামাতে কি করবেন তা অনিশ্চিত।

অস্ট্রেলিয়ার মুসলিম ও ইহুদি সম্প্রদায়ের মধ্যেও গাজা সংঘাতের প্রভাব গভীর। অক্টোবর ২০২৩ থেকে ইহুদিবিরোধী ও ইসলামবিদ্বেষের ঘটনা বেড়েছে, যা নিয়ে সরকারি দূতরাও উদ্বেগ প্রকাশ করেছেন।
রোববারের পদযাত্রা মতপ্রকাশের স্বাধীনতার প্রতীক হিসেবে গুরুত্বপূর্ণ ছিল। নিউ সাউথ ওয়েলস পুলিশ পদযাত্রা বন্ধের আবেদন করেছিল, কিন্তু সুপ্রিম কোর্ট তা খারিজ করে দেয়।
গাজা বিক্ষোভ নিয়ে গণমাধ্যমে মতবিরোধ স্পষ্ট। কিছু সংবাদপত্র একে ‘অরাজকতা’ বলে উল্লেখ করেছে, আবার অনেকে ‘সিডনির মানবিক চেতনার জাগরণ’ হিসেবে দেখেছে। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সা’র বিক্ষোভকারীদের সমালোচনা করে অস্ট্রেলিয়ানদের জেগে ওঠার আহ্বান জানিয়েছেন।
বিক্ষোভের পর অস্ট্রেলিয়ান সরকার গাজায় অতিরিক্ত ২০ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার সহায়তার ঘোষণা দেয়। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় অস্ট্রেলিয়ার মোট সহায়তা দাঁড়িয়েছে ১৩০ মিলিয়ন ডলার। তবে বিক্ষোভকারীদের অন্যান্য দাবিতে সরকার এখনো সাড়া দেয়নি।
প্যালেস্টিনিয়ান অ্যাকশন গ্রুপ আগামী ২৪ আগস্ট আরো বড় কর্মসূচির ঘোষণা দিয়েছে। জশ লি বলেন, “এই বিশাল আন্দোলন দেখিয়েছে যে ধারা বদলাচ্ছে, মানুষ এখন ন্যায়বিচারের জন্য আগের চেয়ে বেশি প্রস্তুত।”

