অবরুদ্ধ গাজা উপত্যকায় অনাহার ও অপুষ্টিতে আরো ১১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। সর্বশেষ এ প্রাণহানির ফলে এ ধরনের মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১২ জনে, যার মধ্যে ৯৮ জনই শিশু। শনিবার (৯ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি সামরিক অভিযানে অন্তত ৩৮ জন নিহত এবং আরও ৪৯১ জন আহত হয়েছেন। এর মধ্যে গাজা সিটির পরিস্থিতি বিশেষভাবে উত্তপ্ত হয়ে উঠেছে, কারণ ইসরায়েল শহরটির নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছে। নতুন পরিকল্পনা অনুযায়ী, গাজা সিটির বাসিন্দাদের ৭ অক্টোবর পর্যন্ত সময় দিয়ে দক্ষিণে সরিয়ে নেওয়া হবে।
গত শুক্রবার অনুমোদিত ওই পরিকল্পনায় গাজা যুদ্ধের অবসানের জন্য পাঁচটি ‘মূলনীতি’ উল্লেখ করা হয়, যার একটি হলো অঞ্চলের নিরাপত্তা নিয়ন্ত্রণ গ্রহণ। ইসরায়েলি গণমাধ্যম বলছে, প্রথম ধাপে গাজা সিটির পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়া এবং সেখানকার প্রায় ১০ লাখ বাসিন্দাকে জোরপূর্বক দক্ষিণে সরিয়ে নেওয়া হবে।
এ পরিকল্পনা আন্তর্জাতিক মহল এবং ইসরায়েলের ভেতরেও সমালোচিত হচ্ছে। কিছু সামরিক কর্মকর্তা ও গাজায় আটক ইসরায়েলি বন্দিদের পরিবার বন্দিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তবে প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ সমালোচনা উপেক্ষা করে জানিয়েছেন, এই পরিকল্পনায় তাদের সংকল্প দুর্বল হবে না।
যুক্তরাষ্ট্র তুলনামূলক নরম সুরে প্রতিক্রিয়া জানিয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ সপ্তাহের শুরুতে বলেন, গাজা পুরোপুরি দখল করা হবে কি না, তা “প্রায় পুরোপুরি ইসরায়েলের সিদ্ধান্ত”।
ইসরায়েলি গণমাধ্যম জানায়, ৭ অক্টোবর থেকে গাজা সিটিতে সামরিক অবরোধ শুরু হবে। এর আগে দুই মাসের মধ্যে শহরের আনুমানিক ১০ লাখ ফিলিস্তিনিকে জোরপূর্বক সরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে। যুদ্ধের আগে গাজা সিটিতে প্রায় ৬ লাখ মানুষের বসবাস ছিল কিন্তু যুদ্ধ চলাকালে সেখানে বিপুলসংখ্যক বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছে। বর্তমানে বহু মানুষ তাঁবু বা ধ্বংসস্তূপে পরিণত ভবনে বসবাস করছে।
জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলো সতর্ক করেছে যে এই পরিকল্পনা ইতোমধ্যেই চরম কষ্টে থাকা মানুষের দুর্ভোগ আরও বাড়াবে। জাতিসংঘ-সমর্থিত খাদ্য নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, গাজায় এখন “দুর্ভিক্ষের সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি” তৈরি হয়েছে।
খাদ্য সহায়তা নিতে গিয়ে হতাহতের ঘটনাও ঘটছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় খাদ্য সংগ্রহের পথে ২১ জন নিহত হয়েছেন। জাতিসংঘের তথ্যমতে, মে মাসের শেষ থেকে- যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-সমর্থিত বিতর্কিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) সহায়তা বিতরণ কেন্দ্র চালু করে- খাদ্য নিতে গিয়ে ১,৩৭৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে ৮৫৯ জন জিএইচএফ কেন্দ্রের কাছে এবং ৫১৪ জন খাদ্যবাহী বহরের পথে মারা গেছেন।
জাতিসংঘ বলছে, নিহতদের বেশিরভাগ ইসরায়েলি সেনাদের গুলিতে প্রাণ হারিয়েছেন। তবে জিএইচএফ এই সংখ্যা অস্বীকার করেছে।

