মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘে যুক্তরাষ্ট্রের ডেপুটি রিপ্রেজেন্টেটিভ হিসেবে ট্যামি ব্রুসকে মনোনীত করেছেন। বর্তমানে তিনি মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন। রোববার (১০ আগস্ট) টিআরটি ওয়ার্ল্ড এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
শনিবার স্থানীয় সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প লিখেছেন, “আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, আমি ট্যামি ব্রুসকে- একজন মহান দেশপ্রেমিক, টেলিভিশন ব্যক্তিত্ব এবং বেস্টসেলিং লেখক- আমাদের পরবর্তী জাতিসংঘের উপ-প্রতিনিধি (অ্যাম্বাসেডর পদমর্যাদাসহ) হিসেবে মনোনীত করছি।” তিনি আরো জানান, স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র হিসেবে ব্রুস অসাধারণ কাজ করেছেন এবং জাতিসংঘে যুক্তরাষ্ট্রের হয়ে দায়িত্ব পালনে তিনি সফল হবেন বলে বিশ্বাস করেন।
মনোনয়নের পর ব্রুস সামাজিক যোগাযোগমাধ্যমে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, “ধন্যবাদ, প্রেসিডেন্ট ট্রাম্প! যুক্তরাষ্ট্রের উপ-প্রতিনিধি হিসেবে মনোনীত হওয়া আমার জন্য গর্বের বিষয়। স্টেট ডিপার্টমেন্টে কাজ করা ছিল সম্মানের, আর এখন এই নতুন পদে আগামী কয়েক সপ্তাহের মধ্যে বিশ্বমঞ্চে ‘আমেরিকা ফার্স্ট’ নেতৃত্ব ও মূল্যবোধ তুলে ধরতে পারা হবে আমার জন্য আশীর্বাদ।”
ট্যামি ব্রুস একজন সাবেক রক্ষণশীল রেডিও উপস্থাপক, লেখক এবং রাজনৈতিক ভাষ্যকার। চলতি বছরের জানুয়ারিতে ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় ফেরার পর থেকেই তিনি স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্রের দায়িত্বে রয়েছেন। ক্যালিফোর্নিয়ায় জন্ম নেওয়া ব্রুস সাউদার্ন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ২০২২ সালে লগ কেবিন রিপাবলিকানস থেকে ‘স্পিরিট অব লিংকন অ্যাওয়ার্ড’ পান তিনি।
চলতি বছরের জুনে যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালানোর পর ইসরায়েলের আই২৪ নিউজে দেওয়া তার একটি পুরোনো সাক্ষাৎকার আবার আলোচনায় আসে। সেখানে তিনি বলেছিলেন, “যুক্তরাষ্ট্র বিশ্বের সেরা দেশ, ইসরায়েলের পরেই।” এই মন্তব্যের জন্য তিনি সমালোচিত হন। তিনি ট্রাম্প প্রশাসনের অভিবাসন দমন, ভিসা বাতিল, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে মার্কিন অবস্থান, এবং গাজায় ইসরায়েলের গণহত্যা প্রসঙ্গে প্রশাসনের অবস্থান সমর্থন করেছেন। বিতর্কিত ‘গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন’-এর পক্ষেও তিনি মত দিয়েছেন।
দুই দশকেরও বেশি সময় ধরে ব্রুস ফক্স নিউজে রাজনৈতিক বিশ্লেষক ও ভাষ্যকার হিসেবে কাজ করেছেন। পাশাপাশি তিনি একাধিক বই লিখেছেন, যেখানে উদারপন্থি ও বামঘেঁষা মতাদর্শের সমালোচনা করেছেন।

