সামাজিক যোগাযোগ মাধ্যমে পাতা প্রেমের ফাঁদে পড়ে গত দুই বছরে প্রায় ৯ কোটি টাকা হারিয়েছেন এক বৃদ্ধ। যৌনতার প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে একটি প্রতারণা চক্র তার কাছ থেকে এ বিপুল অর্থ হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর সম্প্রতি সর্বস্ব হারানো ওই ব্যক্তি পুলিশের শরণাপন্ন হয়েছেন। ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে।
ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিন জানায়, ঘটনার সূত্রপাত ২০২৩ সালে। শার্ভি নামে এক নারী ফেসবুকে ওই বৃদ্ধকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান। সেখান থেকেই তাদের কথাবার্তা শুরু হয় এবং ধীরে ধীরে সম্পর্ক গভীর হয়। শার্ভি দাবি করেন, তিনি স্বামীর সঙ্গে থাকেন না এবং সন্তানদের নিয়ে আলাদা থাকেন। কিছুদিন পর সন্তানদের অসুস্থতার কথা বলে তিনি ওই বৃদ্ধের কাছে টাকা চাইতে শুরু করেন।
পরবর্তীতে কবিতা নামে আরেক নারী হোয়াটসঅ্যাপে ওই বৃদ্ধের সঙ্গে যোগাযোগ করেন এবং নিজেকে শার্ভির পরিচিত বলে পরিচয় দেন। ধীরে ধীরে তার সঙ্গেও ঘনিষ্ঠতা বাড়ে এবং তিনি অশ্লীল ছবি পাঠানো শুরু করেন বলে অভিযোগ রয়েছে। একইভাবে আরো দুই নারীর সঙ্গে পরিচয় হয় ওই বৃদ্ধের, যারা প্রেম ও যৌনতার প্রলোভন দেখিয়ে নানা অজুহাতে তার কাছ থেকে টাকা নেন।
প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, আসলে একজনই এসব ভুয়া পরিচয়ে বৃদ্ধের সঙ্গে যোগাযোগ করছিলেন এবং বিভিন্ন নামে প্রেম ও যৌনতার টোপ দিয়ে টাকা হাতিয়ে নিচ্ছিলেন। তবে এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

