তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেছেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা দখল করার ইসরায়েলের সিদ্ধান্ত ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’। তিনি একই সঙ্গে তুরস্ক সবসময় ফিলিস্তিনের পাশে থাকবে বলে মন্তব্য করেছেন।
শনিবার (৯ আগস্ট) রাতে তুরস্কের যোগাযোগ অধিদপ্তর জানায়, ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে ফোনালাপে গাজায় ইসরায়েলের সাম্প্রতিক হামলা ও পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এরদোয়ান। তিনি পুনর্ব্যক্ত করেন, তুরস্ক সবসময় ফিলিস্তিনের পাশে রয়েছে।
এরদোয়ান ফ্রান্স, যুক্তরাজ্য ও কানাডার ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতির সম্ভাব্য ঘোষণাকে মূল্যবান উল্লেখ করেন। তিনি বলেন, পশ্চিমা বিশ্বে ইসরায়েলবিরোধী সমালোচনা বেড়ে চলছে এবং তুরস্ক এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় প্রচেষ্টা অব্যাহত রাখবে।

