তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলে ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় রোববার সন্ধ্যা ৭টা ৫৩ মিনিটে বালিকেসির প্রদেশের সিন্দিরগি শহরে এই কম্পন অনুভূত হয়। এতে অন্তত একজন নিহত হয়েছেন এবং বহু ভবন ধসে পড়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ভূমিকম্পে ধসে পড়া ভবনের নিচ থেকে ৮১ বছর বয়সী এক নারীকে জীবিত উদ্ধার করা হয়, তবে পরে তিনি মারা যান। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল সিন্দিরগি শহরেই।
তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া জানান, কমপক্ষে ১৬টি ভবন ধসে পড়েছে এবং অন্তত ২৯ জন আহত হয়েছেন। দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানায়, ভূমিকম্পের তীব্রতা এতটাই ছিল যে রাজধানী ইস্তাম্বুলেও তা অনুভূত হয়।
প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ক্ষতিগ্রস্তদের দ্রুত সুস্থতা কামনা করে জানান, উদ্ধার কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, “আল্লাহ আমাদের দেশকে সব ধরনের দুর্যোগ থেকে রক্ষা করুন।”
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, উদ্ধার অভিযান শেষ হয়েছে এবং নতুন করে গুরুতর ক্ষতি বা হতাহতের খবর নেই। তবে সিন্দিরগি থেকে প্রকাশিত ছবিতে দেখা গেছে, বড় বড় ভবন সম্পূর্ণ ধসে গিয়ে ধ্বংসস্তূপের বিশাল স্তূপে পরিণত হয়েছে।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, তুরস্ক তিনটি প্রধান টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় দেশটিতে ভূমিকম্প প্রায়ই ঘটে। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে দক্ষিণ-পূর্বাঞ্চলে ৭ দশমিক ৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে তুরস্কে ৫০ হাজারের বেশি এবং পার্শ্ববর্তী সিরিয়ায় আরও ৫ হাজার মানুষের মৃত্যু হয়েছিল। ভয়াবহ সেই বিপর্যয়ের দুই বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও সেসময় বাস্তুচ্যুত হওয়া কয়েক লাখ মানুষ এখনও ঘরে ফিরতে পারেননি।

