গাজা সিটির আল-শিফা হাসপাতালের প্রধান ফটকের কাছে আল জাজিরার পাঁচজন সাংবাদিক ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন বলে জানিয়েছে কাতারভিত্তিক এই গণমাধ্যম। রোববারের এ ঘটনায় প্রাণ হারান প্রতিবেদক আনাস আল-শরীফ ও মোহাম্মদ কুরেইকেহ, ক্যামেরাপার্সন ইব্রাহিম জাহের, মোহাম্মদ নুফাল ও মোয়ামেন আলিওয়া। তারা হাসপাতালের গেটে সাংবাদিকদের জন্য স্থাপিত একটি তাঁবুর ভেতরে অবস্থান করছিলেন।
আল জাজিরা একে “সাংবাদিকতার স্বাধীনতার ওপর পরিকল্পিত ও ভয়াবহ আঘাত” হিসেবে বর্ণনা করেছে। হামলার কিছুক্ষণ পর ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) নিজেদের টেলিগ্রাম চ্যানেলে জানায়, আনাস আল-শরীফ ছিলেন হামাসের একটি সশস্ত্র সেলের নেতা এবং তাকে লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে। বাকি নিহত সাংবাদিকদের বিষয়ে তারা কিছু বলেনি।
আল জাজিরার হিসাব অনুযায়ী, ওই হামলায় মোট সাতজনের মৃত্যু হয়েছে। প্রথমে চারজন সাংবাদিক নিহতের কথা জানালেও কয়েক ঘণ্টা পর নিহতের সংখ্যা পাঁচে সংশোধন করে প্রতিষ্ঠানটি। আল জাজিরার ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ মোয়াওয়াদ বিবিসিকে বলেন, আল-শরীফ ছিলেন অনুমোদিত সাংবাদিক এবং “গাজা উপত্যকার ভেতরে কী ঘটছে, তা বিশ্বের কাছে তুলে ধরার একমাত্র কণ্ঠস্বর”।
দলটি গাজা সিটির আল-শিফা হাসপাতালের বাইরে আল জাজিরার তাঁবুতে অবস্থান করছিল, তখনই বিমান হামলা আঘাত হানে।
তিনি অভিযোগ করেন, আন্তর্জাতিক সাংবাদিকদের গাজায় প্রবেশে ইসরায়েলের নিষেধাজ্ঞার ফলে বিশ্ব সংবাদমাধ্যমগুলো স্থানীয় সাংবাদিকদের ওপর নির্ভর করছে। “তারা যুদ্ধক্ষেত্রের সামনে ছিল না, নিজেদের তাঁবুতেই লক্ষ্যবস্তু হয়েছেন,” বলেন মোয়াওয়াদ। “এটি মূলত গাজার ভেতর থেকে সংবাদ প্রচার বন্ধ করার একটি চেষ্টা।”
আনাস আল-শরীফের বয়স ছিল ২৮। মৃত্যুর ঠিক আগে তিনি সামাজিক মাধ্যম এক্স-এ গাজা সিটিতে তীব্র ইসরায়েলি গোলাবর্ষণের খবর দিচ্ছিলেন। পরে তার এক বন্ধুর মাধ্যমে একটি প্রাক-লিখিত পোস্টও প্রকাশিত হয়। হামলার পর প্রকাশিত দুটি ভিডিও, যা বিবিসি যাচাই করেছে, সেখানে নিহতদের মরদেহ বহনের দৃশ্য দেখা যায়। ভিডিওতে কিছু মানুষ কুরেইকেহের নাম উচ্চারণ করেন, আর এক ব্যক্তি যিনি ‘মিডিয়া’ লেখা ভেস্ট পরা, তিনি আল-শরীফের মরদেহ শনাক্ত করেন।
আইডিএফ তাদের বিবৃতিতে দাবি করেছে, আল-শরীফ সাংবাদিক সেজে রকেট হামলার পরিকল্পনায় জড়িত ছিলেন এবং পূর্বে তাদের হাতে থাকা গোয়েন্দা তথ্যেও তার সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রমাণ রয়েছে। কিন্তু আল জাজিরা ও আন্তর্জাতিক সাংবাদিক সংগঠনগুলো এই দাবির প্রমাণ নিয়ে প্রশ্ন তুলেছে। কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)-এর প্রধান নির্বাহী জোডি গিনসবার্গ বলেন, ইসরায়েল অনেক সময় সাংবাদিক হত্যার পর তাদের সন্ত্রাসী আখ্যা দেয়, কিন্তু যথাযথ প্রমাণ উপস্থাপন করে না—এটি বহু বছরের একটি ধারা।
এর আগেও গাজায় আল জাজিরার সাংবাদিকদের হত্যা করেছে ইসরায়েল। গত বছরের আগস্টে ইসমাইল আল-ঘৌল গাড়িতে বসা অবস্থায় বিমান হামলায় নিহত হন। তার সঙ্গে মারা যান ক্যামেরাপার্সন রামি আল-রিফি ও এক কিশোর পথচারী।
সিপিজের হিসাবে, ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ১৮৬ জন সাংবাদিক নিহত হয়েছেন। যারা বেঁচে আছেন, তাদের জীবন এখন মারাত্মক ঝুঁকিতে—শুধু হামলার জন্য নয়, ক্ষুধা ও অনাহারের জন্যও। বিবিসি ও বিশ্বখ্যাত সংবাদ সংস্থাগুলো সম্প্রতি এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, গাজার সাংবাদিকরা খাবারের অভাবে দিন কাটাচ্ছেন, অনেকে না খেয়ে কয়েকদিন পার করছেন।
জাতিসংঘসহ শতাধিক আন্তর্জাতিক সংস্থা গাজায় গণঅনাহারের সতর্কতা দিয়েছে। তবে ইসরায়েল, যাদের নিয়ন্ত্রণে আছে গাজার ত্রাণ সরবরাহ, এসব সংস্থাকে “হামাসের প্রচারণায় সায় দিচ্ছে” বলে অভিযুক্ত করছে।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে চালানো হামলায় প্রায় ১,২০০ মানুষ নিহত ও ২৫১ জন বন্দি হওয়ার পর থেকেই ইসরায়েল গাজায় ভয়াবহ সামরিক অভিযান চালিয়ে আসছে। গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, এই অভিযানে এখন পর্যন্ত ৬১ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন।