অস্ট্রেলিয়া আসছে সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডার পর এ সিদ্ধান্ত নেওয়া হলো।
আলবানিজ জানান, ফিলিস্তিনি কর্তৃপক্ষ (পিএ) অস্ট্রেলিয়াকে বেশ কিছু অঙ্গীকার দিয়েছে—এর মধ্যে রয়েছে নিরস্ত্রীকরণ, সাধারণ নির্বাচন আয়োজন এবং ইসরায়েলের অস্তিত্ব স্বীকার অব্যাহত রাখা। তার ভাষায়, “দুই রাষ্ট্রভিত্তিক সমাধানই মধ্যপ্রাচ্যে সহিংসতার চক্র ভাঙার, গাজার যুদ্ধ-দুর্ভোগ ও ক্ষুধার্ত অবস্থা শেষ করার সেরা আশার পথ।”
ইসরায়েল অবশ্য এ সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে। তাদের দাবি, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া মানে “সন্ত্রাসবাদকে পুরস্কৃত করা”। গাজায় ইসরায়েলি অভিযানের চাপ ক্রমেই বাড়ছে, আর হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, শনিবার থেকে আরও ৫ জন অনাহারে মারা যাওয়ায় এ পর্যন্ত অনাহার ও অপুষ্টিজনিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২১৭। একইসঙ্গে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া সামরিক অভিযানে নিহতের সংখ্যা পেরিয়েছে ৬১ হাজার।
ইসরায়েল এই অভিযান শুরু করেছিল ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস-নেতৃত্বাধীন আকস্মিক হামলার পর, যেখানে প্রায় ১,২০০ মানুষ নিহত ও ২৫১ জন বন্দি হয়। ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলছে, আন্তর্জাতিক স্বীকৃতি তাদের জনগণের আত্মনিয়ন্ত্রণ অধিকার প্রতিষ্ঠায় ক্রমবর্ধমান সমর্থনের প্রতিফলন।
আলবানিজ জানান, ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস প্রতিশ্রুতি দিয়েছেন, ভবিষ্যতে কোনো ফিলিস্তিনি রাষ্ট্রে হামাসের কোনো ভূমিকা থাকবে না। গত দুই সপ্তাহে তিনি যুক্তরাজ্য, ফ্রান্স, নিউজিল্যান্ড ও জাপানের নেতাদের সঙ্গেও এ বিষয়ে আলোচনা করেছেন। “এখন একটি সুযোগ এসেছে, আর অস্ট্রেলিয়া আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে মিলে তা কাজে লাগাবে,” বলেন তিনি।
অস্ট্রেলিয়ার এই পদক্ষেপের আগের দিন সিডনি হারবার ব্রিজে ফিলিস্তিনপন্থী একটি বিক্ষোভে কয়েক হাজার মানুষ অংশ নেয়। আদালতের অনুমতিতে আয়োজিত এই মিছিল শহরজুড়ে আলোচনার জন্ম দেয়।
অন্যদিকে যুক্তরাষ্ট্র স্পষ্ট জানিয়েছে, তারা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে না। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, কার্যকর কোনো সরকার না থাকায় এখনই স্বীকৃতির প্রশ্ন আসে না।
রোববার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও এই দেশগুলোর সিদ্ধান্তের সমালোচনা করেন। “মেলবার্ন বা সিডনির পাশে যদি এমন ভয়াবহ হামলা হতো, আপনারাও অন্তত আমাদের মতো পদক্ষেপ নিতেন,” মন্তব্য করেন তিনি।
এর আগে ২০২৪ সালে স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ে ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়, যুদ্ধবিরতির আশায়। বর্তমানে জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের মধ্যে ১৪৭টি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। জাতিসংঘে ফিলিস্তিনের অবস্থান “স্থায়ী পর্যবেক্ষক রাষ্ট্র”—যা অংশগ্রহণের সুযোগ দেয়, কিন্তু ভোটাধিকার দেয় না।

