ইউক্রেন ও রাশিয়ার মধ্যে শান্তি প্রতিষ্ঠা এবং যুদ্ধের অবসানের জন্য উভয় পক্ষকেই কিছু ভূখণ্ড একে অপরের কাছে ছেড়ে দিতে হবে— এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় সম্ভাব্য একটি সমঝোতা নিয়ে তাদের অবস্থান বোঝার চেষ্টা করবেন তিনি।
মঙ্গলবার (১২ আগস্ট) টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, আগামী শুক্রবার আলাস্কায় পুতিনের সঙ্গে তার বৈঠক মূলত “অনুভূতি যাচাই” সভা হবে, যেখানে তিনি বোঝার চেষ্টা করবেন পুতিন কোনো চুক্তিতে রাজি আছেন কি না। তার দাবি, মাত্র দুই মিনিটেই তিনি বুঝে ফেলতে পারবেন সমঝোতার সম্ভাবনা আছে কি না।
ট্রাম্প সাংবাদিকদের বলেন, “আমি পুতিনের সঙ্গে কথা বলতে যাচ্ছি এবং তাকে বলব—আপনাকে এই যুদ্ধ শেষ করতেই হবে।”
তিনি আরো জানান, ভবিষ্যতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে নিয়েও একটি বৈঠক হতে পারে, যা পুতিন, জেলেনস্কি এবং তাকে নিয়ে তিন পক্ষের আলোচনা হতে পারে। পুতিনের সঙ্গে বৈঠকের পরপরই তিনি ইউরোপীয় নেতাদের সঙ্গে কথা বলবেন, যাতে দ্রুত যুদ্ধবিরতি কার্যকর হয়।
তবে ইউরোপীয় দেশগুলোর মধ্যে আশঙ্কা রয়েছে— রাশিয়াকে বড় ধরনের ছাড় দিলে ভবিষ্যতে পশ্চিমাদের জন্য নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে। বর্তমানে রাশিয়া ইউক্রেনের প্রায় এক-পঞ্চমাংশ ভূখণ্ড দখলে রেখেছে, বিপরীতে ইউক্রেনের দখলে রাশিয়ার কোনো উল্লেখযোগ্য এলাকা নেই।
ট্রাম্প বলেন, ভূখণ্ড বিনিময়ের ব্যাপারে জেলেনস্কির অবস্থান তাকে “সামান্য উদ্বিগ্ন” করেছে। তবে তিনি জোর দিয়ে বলেন, “কিছু ভূখণ্ড বিনিময় হবেই।” তার দাবি, রাশিয়া “খুব গুরুত্বপূর্ণ কিছু এলাকা” দখল করেছে, তবে এর কিছু অংশ ফিরিয়ে আনার চেষ্টা করা হবে।
২০২২ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী ইউরোপের সবচেয়ে ভয়াবহ এই যুদ্ধ বন্ধে কিয়েভ অব্যাহতভাবে রাশিয়ান সেনাদের বিতাড়িত করার চেষ্টা করছে। রাশিয়া এই যুদ্ধকে তাদের নিরাপত্তা রক্ষার পদক্ষেপ হিসেবে দাবি করছে, আর ইউক্রেন ও তার পশ্চিমা মিত্ররা একে সাম্রাজ্যবাদী ভূমি দখল বলে অভিহিত করছে।

