মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য ও সিদ্ধান্তে ভারত-মার্কিন কূটনৈতিক সম্পর্কে নতুন করে টানাপড়েন দেখা দিয়েছে। রাশিয়ার সঙ্গে বাণিজ্য অব্যাহত রাখায় প্রকাশ্যে অসন্তোষ জানিয়ে ট্রাম্প অভিযোগ করেছেন, ভারতের সঙ্গে বাণিজ্য থেকে প্রাপ্ত অর্থ রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালাতে ব্যবহার করছে। এর প্রেক্ষিতে ওয়াশিংটন ভারতীয় পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপ করেছে।
নিউইয়র্ক টাইমস, গার্ডিয়ান ও রয়টার্সসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম এ ঘটনাকে দক্ষিণ এশিয়ার কূটনীতিতে নতুন চাপের পরীক্ষা হিসেবে দেখছে। তবে ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, নয়াদিল্লি দেশের স্বার্থে কোনো আপস করবে না।
এই পরিস্থিতিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাম্প্রতিক কূটনৈতিক যোগাযোগ আন্তর্জাতিক মনোযোগ কেড়েছে। সোমবার তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কির সঙ্গে ফোনে কথা বলেন। এর আগে গত সপ্তাহে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও ফোনালাপ করেছিলেন তিনি। পর্যবেক্ষকদের মতে, এই ধারাবাহিক আলোচনা ভারতের কূটনৈতিক ভারসাম্য রক্ষার বার্তা বহন করছে।
আন্তর্জাতিক বিশ্লেষকদের ধারণা, মোদি এই পদক্ষেপের মাধ্যমে দেখাতে চাইছেন যে ভারত নিরপেক্ষ অবস্থান ধরে রেখেই উভয় পক্ষের সঙ্গে আলোচনায় প্রস্তুত। যুক্তরাষ্ট্রের শুল্কনীতি যদিও ভারতের ওপর অর্থনৈতিক চাপ সৃষ্টি করছে, তবু নয়াদিল্লি আপাতত সরাসরি সংঘাতে না গিয়ে ‘ব্যালান্সড কূটনীতি’ বজায় রাখছে।
ভারতের অবস্থান স্পষ্ট- দেশের বাণিজ্যনীতি জাতীয় স্বার্থের সঙ্গে যুক্ত এবং বাইরের চাপে তা পরিবর্তিত হবে না। রাশিয়ার সঙ্গে দীর্ঘমেয়াদি কৌশলগত সম্পর্ক বজায় রাখার পাশাপাশি পশ্চিমা দেশের সঙ্গে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতা অব্যাহত রাখার চেষ্টা করছে দেশটি।
তবে যুক্তরাষ্ট্রের শুল্কনীতি যে ভারতের জন্য অর্থনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, তা নিয়ে সন্দেহ নেই। আমেরিকার বাজারে প্রতিযোগিতা কমে গেলে ভারতীয় রপ্তানি খাত প্রভাবিত হতে পারে। ফলে নতুন বাজার অনুসন্ধান ও বিকল্প বাণিজ্যিক সহযোগিতা জোরদার করার প্রয়োজনীয়তা তৈরি হতে পারে।
দক্ষিণ এশিয়ায় ভারতের ভূ-রাজনৈতিক অবস্থান এখনও দৃঢ়, কারণ দেশটি রাশিয়া ও যুক্তরাষ্ট্র- দুটোকেই গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে ধরে রাখতে চাইছে। তবে এই দ্বৈত ভারসাম্য রক্ষা কতটা সম্ভব হবে, তা নির্ভর করবে মার্কিন প্রশাসনের পরবর্তী পদক্ষেপ এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অগ্রগতির ওপর।

