রাশিয়ার শ্রমবাজারে মারাত্মক জনবল সংকট তৈরি হয়েছে ইউক্রেন যুদ্ধের কারণে—এই ফাঁকা জায়গা পূরণে হাজার হাজার উত্তর কোরিয়ান নাগরিককে পাঠানো হচ্ছে এমন কর্মপরিবেশে, যা দাসপ্রথার সঙ্গে তুলনীয়। বিবিসির অনুসন্ধানে উঠে এসেছে, মস্কো শুধু উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদই নয়, তাদের মানুষকেও যুদ্ধ ও পুনর্গঠনের কাজে ব্যবহার করছে।
দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সূত্রের তথ্য অনুযায়ী, রাশিয়ার বহু পুরুষ যুদ্ধক্ষেত্রে নিহত, আহত বা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ায় মস্কো ক্রমেই বেশি নির্ভর করছে উত্তর কোরিয়ার শ্রমিকদের ওপর। বিবিসি কথা বলেছে যুদ্ধ শুরুর পর রাশিয়া থেকে পালিয়ে আসা ছয়জন উত্তর কোরিয়ান শ্রমিকের সঙ্গে। তাদের বর্ণনা, সরকারী নথি ও গবেষকদের সাক্ষ্য মিলিয়ে চিত্রটা স্পষ্ট—এরা ভয়ঙ্কর কর্মঘণ্টা, অমানবিক বাসস্থান এবং কড়া নজরদারির মধ্যে কাজ করছে, পালানোর সুযোগ প্রায় নেই।
১৮ ঘণ্টার শ্বাসরুদ্ধকর কর্মদিবস
এক শ্রমিক, ছদ্মনাম জিন, জানিয়েছেন—রাশিয়ার ফার ইস্ট অঞ্চলে নামার পর বিমানবন্দর থেকেই উত্তর কোরিয়ার নিরাপত্তা কর্মকর্তা তাকে নিয়ে যায় সরাসরি নির্মাণস্থলে, নির্দেশ দেয় কারও সঙ্গে কথা না বলতে, চারপাশে তাকাতেও না। তারপর শুরু হয় টানা ১৮ ঘণ্টার কাজ—উঁচু অ্যাপার্টমেন্ট ব্লক তৈরি।
সব শ্রমিকই একই গল্প বলেছেন—ভোর ৬টায় ঘুম ভাঙা, রাত ২টা পর্যন্ত কাজ, বছরে মাত্র দুই দিন ছুটি। কেউ কেউ সকালে হাত অবশ হয়ে যাওয়া অবস্থায় জেগে ওঠেন, আগের দিনের পরিশ্রমে আঙুলও নাড়াতে পারেন না। কেউ দাঁড়িয়ে দাঁড়িয়েই ঘুমিয়ে পড়লে তদারককারীরা পিটিয়ে শাস্তি দেয়।
তারা থাকে নোংরা, পোকামাকড়ে ভরা ওভারক্রাউডেড শিপিং কন্টেইনারে, কিংবা আধা-তৈরি ভবনের ভেতরে, যেখানে ঠান্ডা আটকাতে দরজায় টারপলিন ঝুলিয়ে রাখা হয়। চিকিৎসার সুযোগও নেই—এক শ্রমিক নাম জানিয়েছেন, তিনি চার মিটার উঁচু থেকে পড়ে মুখে গুরুতর আঘাত পেলেও হাসপাতালে যেতে দেওয়া হয়নি।
জাতিসংঘের নিষেধাজ্ঞা এড়ানোর কৌশল
২০১৯ সালে জাতিসংঘ বিদেশে উত্তর কোরিয়ার শ্রমিক পাঠানো নিষিদ্ধ করে, যাতে কিম জং উনের পারমাণবিক কর্মসূচির অর্থায়ন বন্ধ হয়। তখন বেশিরভাগ শ্রমিক দেশে ফিরিয়ে নেওয়া হয়। কিন্তু গত বছরই দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সূত্র বলছে, ১০ হাজারেরও বেশি শ্রমিক রাশিয়ায় পাঠানো হয়েছে, এ বছর সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে যেতে পারে।
রাশিয়ার সরকারি হিসাবও বলছে—২০২৪ সালে দেশটিতে প্রবেশ করেছে ১৩ হাজারের বেশি উত্তর কোরিয়ান, যা আগের বছরের তুলনায় ১২ গুণ বেশি। এর মধ্যে প্রায় ৮ হাজার এসেছে ‘স্টুডেন্ট ভিসা’ নিয়ে—বিশেষজ্ঞদের মতে, এটা শুধু জাতিসংঘের নিষেধাজ্ঞা পাশ কাটানোর কৌশল।
কয়েকজন শ্রমিক যুদ্ধের মাঝেই রাশিয়া থেকে পালিয়ে সিউলে পৌঁছাতে সক্ষম হয়েছেন।
রাশিয়ার একজন উচ্চপদস্থ কর্মকর্তা প্রকাশ্যে স্বীকার করেছেন—৫ হাজার উত্তর কোরিয়ানকে পাঠানো হবে কুরস্ক অঞ্চলে পুনর্গঠনের কাজে, যা গত বছর ইউক্রেনীয় বাহিনীর দখলে গিয়েছিল। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দাদের ধারণা, এই শ্রমিকদের কিছু অংশ রাশিয়া-অধিকৃত ইউক্রেনীয় ভূখণ্ডেও কাজে লাগানো হবে।
কুকমিন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আন্দ্রেই ল্যাঙ্কভ বলছেন—“এরা সস্তা, পরিশ্রমী, ঝামেলায় জড়ায় না—রাশিয়ার শ্রম সংকটের ‘পারফেক্ট সলিউশন’। যুদ্ধ শেষ হলেও এদের প্রেরণ চলবে।”
দুঃস্বপ্নে ভাঙা স্বপ্ন
উত্তর কোরিয়ায় বিদেশে নির্মাণকাজে যাওয়া মর্যাদাপূর্ণ ও লাভজনক মনে করা হয়। অনেকেই আশা করেন—ফিরে এসে বাড়ি কিনবেন বা ব্যবসা শুরু করবেন। কিন্তু বাস্তবে বেতন থেকে বিশাল ‘আনুগত্য ফি’ কেটে নেওয়া হয়, হাতে মাসে ১০০ থেকে ২০০ ডলারের বেশি থাকে না—তাও দেশে ফেরার পর দেয়া হয়, যাতে পালানোর চিন্তা না আসে।
তবে বাস্তবতা বুঝে অনেকে ভেঙে পড়েন। তে নামের এক শ্রমিক জানান—মধ্য এশিয়ার অন্যান্য শ্রমিকরা তার তুলনায় পাঁচ গুণ বেশি মজুরি পায়, কাজও এক-তৃতীয়াংশ। “এটা যেন দেয়ালবিহীন কারাগার,” তিনি বলেন।
জিনের স্মৃতিতে গেঁথে আছে—অন্য শ্রমিকরা তাদের ‘দাস’ বলে অপমান করত—“তোমরা মানুষ নও, শুধু কথা বলতে পারা যন্ত্র।” এমন এক সময় জিনের ম্যানেজার বলে দেয়—দেশের প্রয়োজন হলে সে হয়তো কোনও বেতনই পাবে না। তখনই পালানোর সিদ্ধান্ত নেন তিনি।
পালানোর পথ প্রায় বন্ধ
আগে মাঝে মাঝে কেউ পালাতে পারত—সিগারেট ও মদের দৈনিক ভাতা জমিয়ে পুরনো স্মার্টফোন কিনে সাহায্য চাইত বাইরের বিশ্বে। কিন্তু এখন নজরদারি বেড়েছে, পালানো প্রায় অসম্ভব।
ডং-আ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কাং বলেন—গত এক বছরে শ্রমিকদের ওপর আদর্শগত প্রশিক্ষণ ও ‘আত্মসমালোচনা’ সেশন বাড়ানো হয়েছে, যেখানে কিম জং উনের প্রতি আনুগত্য ঘোষণা ও নিজের ভুল স্বীকারে বাধ্য করা হয়। মাসে একবার বাইরে যাওয়ার সুযোগও প্রায় শূন্যে নেমেছে।
২০২২ সালের পর থেকে রাশিয়া থেকে দক্ষিণ কোরিয়ায় পৌঁছানো উত্তর কোরিয়ান শ্রমিকের সংখ্যা অর্ধেকে নেমে এসেছে—প্রতি বছর ২০ জন থেকে কমে এখন প্রায় ১০ জন।
বিশেষজ্ঞ ল্যাঙ্কভের মতে, এ ধরনের কড়া নজরদারি আসন্ন বৃহৎ শ্রমিক প্রেরণের প্রস্তুতি। “কিম ও পুতিনের যুদ্ধকালীন বন্ধুত্বের স্থায়ী প্রতীক হয়ে থাকবে এই শ্রমিকরা,” তিনি মন্তব্য করেন।