গত মাসে স্বাক্ষরিত ভারত-যুক্তরাজ্য মুক্ত বাণিজ্য চুক্তির অন্যতম আলোচিত দিক ছিল নরেন্দ্র মোদি সরকারের এক যুগান্তকারী সিদ্ধান্ত—ভারতের বিশাল সরকারি ক্রয়-বাজার প্রথমবারের মতো যুক্তরাজ্যের সরবরাহকারীদের জন্য উন্মুক্ত করে দেওয়া।
সরকারি ক্রয় বলতে বোঝানো হয় রাষ্ট্রীয় পর্যায়ে পণ্য ও সেবা কেনা থেকে শুরু করে সড়ক নির্মাণের মতো অবকাঠামো প্রকল্পের ঠিকাদারি পর্যন্ত সব ধরনের কাজ। এতদিন এই ক্ষেত্রগুলোতে বিদেশি কোম্পানির প্রবেশে কড়া সীমাবদ্ধতা ছিল। কিন্তু এবার প্রায় ৪০ হাজার উচ্চমূল্যের টেন্ডার—যার মোট মূল্য প্রায় ৩৮ বিলিয়ন পাউন্ড—যুক্তরাজ্যের ব্যবসায়ীদের জন্য উন্মুক্ত হচ্ছে। এর মধ্যে রয়েছে পরিবহন, নবায়নযোগ্য জ্বালানি ও অবকাঠামো খাত—যা এতদিন বিদেশি প্রতিযোগীদের জন্য কার্যত নিষিদ্ধ ছিল।
বাণিজ্য বিশেষজ্ঞরা বলছেন, ভারতের ইতিহাসে এমন উন্মুক্ততা নজিরবিহীন। দিল্লিভিত্তিক থিংক-ট্যাঙ্ক গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভের (GTRI) প্রতিষ্ঠাতা অজয় শ্রীবাস্তবের মতে, এটি আগের যেকোনো বাণিজ্য চুক্তির তুলনায় অনেক বেশি উদার, এমনকি সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ভারতের চুক্তির চেয়েও বড় অগ্রগতি।
চুক্তি অনুযায়ী, নির্দিষ্ট ক্ষেত্রে ভারতীয় সরকারি টেন্ডারে অংশ নিতে যুক্তরাজ্যের কোম্পানিগুলো প্রায় ভারতীয় সরবরাহকারীদের সমান সুবিধা পাবে। তারা আগাম টেন্ডারের তথ্যও রিয়েল-টাইমে দেখতে পারবে। এমনকি, যুক্তরাজ্যে তৈরি কোনো পণ্যে মাত্র ২০% স্থানীয় উপকরণ থাকলেই তা ভারত সরকারের কাছে সরবরাহের যোগ্য হবে—ফলে তারা বাকি ৮০% উপকরণ অন্য দেশ থেকেও সংগ্রহ করতে পারবে।
এর পাশাপাশি, ন্যূনতম প্রকল্পমূল্যের সীমা অনেক কমানো হয়েছে। ফলে যুক্তরাজ্যের প্রতিষ্ঠানগুলো এখন ছোট পরিসরের প্রকল্প—যেমন গ্রামীণ সড়ক, বিদ্যালয়ের জন্য সৌর প্যানেল বা সরকারি দপ্তরের আইটি সিস্টেম—নিয়েও প্রতিযোগিতায় নামতে পারবে, যা আগে তাদের নাগালের বাইরে ছিল।
তবে বিশেষজ্ঞরা সতর্ক করছেন, এই সুযোগ কাজে লাগানো ব্রিটিশ কোম্পানির জন্য সহজ হবে না। ভারতীয় কোম্পানিগুলো এখনও ‘ক্লাস-১’ সরবরাহকারীর মর্যাদা পাবে, যেখানে ব্রিটিশরা থাকবে ‘ক্লাস-২’ শ্রেণিতে। এর মানে ভারতীয় প্রতিষ্ঠান এখনো অগ্রাধিকার পাবে। পাশাপাশি, দামের ক্ষেত্রেও ব্রিটিশদের বড় চ্যালেঞ্জ আছে—কারণ তাদের পণ্য সাধারণত ভারতীয়দের তুলনায় বেশি দামে পড়ে।
এর থেকেও বড় বাধা হলো চুক্তি বাস্তবায়ন ও সময়মতো পেমেন্ট পাওয়া। ভারতের সরকারি ক্রয় ব্যবস্থায় বছরের পর বছর ধরে পেমেন্ট বিলম্ব ও চুক্তি কার্যকর করার দুর্বলতা রয়েছে। ২০১৭ থেকে ২০২০ সালের মধ্যে এক গবেষণায় দেখা গেছে, অনেক ক্ষেত্রে বকেয়া পরিমাণ ছিল পুরো বছরের গড় ক্রয়ের চেয়েও বেশি। এ ধরনের সমস্যা ছোট ব্যবসাগুলোকে বাজার থেকে ছিটকে দেয়, আর সুবিধা পায় বড় কোম্পানিগুলো।
বিশ্বব্যাংকের ২০২০ সালের ‘ডুইং বিজনেস’ প্রতিবেদনে চুক্তি বাস্তবায়নে ভারতের অবস্থান ছিল ১৯০ দেশের মধ্যে ১৬৩তম। যদিও সাম্প্রতিক বছরগুলোতে সরকারি ই-টেন্ডারিং প্ল্যাটফর্ম, অনলাইন বিরোধ নিষ্পত্তি ব্যবস্থা ইত্যাদির মাধ্যমে কিছুটা স্বচ্ছতা এসেছে, তবুও সময়মতো পেমেন্টের অভ্যাস এখনো বড় সমস্যা।
অর্থনীতিবিদ অর্পিতা মুখার্জির মতে, চুক্তিতে স্বচ্ছতার ওপর জোর দেওয়া হলেও বকেয়া পরিশোধ, চুক্তি কার্যকর ও জরিমানার মতো বিষয়গুলো উপেক্ষিত হয়েছে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, চুক্তি কার্যকর হওয়ার পর প্রথম চার বছর যুক্তরাজ্য-ভারতের মধ্যে কোনো বিরোধ নিষ্পত্তি প্রক্রিয়া চালু থাকবে না।
তবুও, ভারতের সরকারি ক্রয় বাজার বিদেশিদের জন্য উন্মুক্ত করা নীতিগতভাবে এক বড় পরিবর্তন। দীর্ঘদিন ধরে এই বাজার স্থানীয় ছোট ও মাঝারি ব্যবসার জন্য সংরক্ষিত ছিল। বিশ্লেষকদের মতে, এটি ভারতের ভবিষ্যৎ বাণিজ্য আলোচনায়—বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চুক্তিতে—বিদেশি বিনিয়োগকারীদের আরও ছাড় দেওয়ার ইঙ্গিত বহন করে।
শ্রীবাস্তবের ভাষায়, এটি ভারতের আত্মবিশ্বাসেরও প্রকাশ—যে এখন তাদের কোম্পানিগুলো আন্তর্জাতিক প্রতিযোগিতায় দেশেও, বিদেশেও, টিকে থাকতে সক্ষম। আশা করা হচ্ছে, বিদেশি প্রতিযোগীরা প্রবেশ করলে ভারতের সরকারি ক্রয় প্রক্রিয়া আরও জবাবদিহিমূলক হবে এবং আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়ে উঠবে।

