কানাডায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা আনুষ্ঠানিকভাবে চালু করতে আগামী ২৮ আগস্ট কানাডা সফরে যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।
সরকারি সূত্র জানিয়েছে, সিইসি প্রথমে টরন্টো ও পরে অটোয়ায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানগুলোতে যোগ দেবেন। এসব অনুষ্ঠানে শুধু নিবন্ধন প্রক্রিয়া শুরু নয়, বরং প্রবাসী ভোটারদের জন্য প্রশ্নোত্তর পর্ব ও তথ্যসেশনও রাখা হবে। এর মাধ্যমে কানাডায় বসবাসরত বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত ও সচেতনতা বাড়ানোই মূল লক্ষ্য।
জানা গেছে, সিইসি ২৬ আগস্ট বা কাছাকাছি কোনো তারিখে ঢাকা থেকে যাত্রা করবেন। তার সঙ্গে সফরসঙ্গী থাকবেন লালমনিরহাট জেলা নির্বাচন কর্মকর্তা মো. লুৎফুল কবির সরকার।
অফিসিয়াল কার্যক্রম শেষে ৪ থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত তিনি ভ্যাঙ্কুভারে ব্যক্তিগত ছুটিতে থাকবেন, যার সব খরচ নিজ দায়িত্বে বহন করবেন। ৮ সেপ্টেম্বর তার ঢাকায় ফেরার কথা রয়েছে।
নির্বাচন কমিশন বলছে, কানাডায় প্রবাসীদের ভোটার তালিকাভুক্ত করার এই উদ্যোগ প্রবাসী বাংলাদেশিদের রাজনৈতিক অংশগ্রহণ বাড়াতে এবং ভোট প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

