দক্ষিণ কোরিয়ার সাবেক ফার্স্ট লেডি কিম কিওন হি শেয়ারবাজারে কারসাজি ও ঘুষ গ্রহণের অভিযোগে মঙ্গলবার গ্রেপ্তার হয়েছেন। তবে তিনি নিজেই সব অভিযোগ অস্বীকার করেছেন।
বিবিসির বুধবার (১৩ আগস্ট) প্রতিবেদনে বলা হয়, ৫২ বছর বয়সী কিম চার ঘণ্টা ধরে আদালতে শুনানিতে অংশ নেন এবং তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাখ্যান করেন। আদালত প্রমাণ নষ্ট হওয়ার আশঙ্কায় তাকে রিমান্ডে রাখার নির্দেশ দিয়েছেন।
ইতিহাসে এটি প্রথমবার যে কোনো সাবেক প্রেসিডেন্ট এবং তার স্ত্রী একই সময়ে কারাগারে বন্দি হলেন। কিমের স্বামী এবং সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওলও বর্তমানে কারাগারে রয়েছেন।
অভিযোগপত্রে বলা হয়েছে, কিম ডয়েচ মোটর্স নামক বিএমডব্লিউ ডিলারের শেয়ারমূল্য কারসাজির মাধ্যমে প্রায় ৮০০ মিলিয়ন উওন (৫ লাখ ৭৭ হাজার ৯৪০ মার্কিন ডলার) অবৈধভাবে অর্জন করেছেন। এছাড়া বিতর্কিত ইউনিফিকেশন চার্চ থেকে ব্যবসায়িক সুবিধা পাওয়ার বিনিময়ে তিনি দুটি শ্যানেল ব্যাগ ও একটি হীরার নেকলেস ঘুষ হিসেবে গ্রহণের অভিযোগ রয়েছে।
তবে কিমের এসব কর্মকাণ্ড তার স্বামী প্রেসিডেন্ট হওয়ার আগে হলেও, দীর্ঘদিন এই বিষয়ে তার স্বামীর সরকারের কার্যক্রম প্রশ্নবিদ্ধ ছিল। এছাড়া কিমের বিরুদ্ধে ২০২২ সালের সংসদীয় উপনির্বাচন ও গত বছরের সাধারণ নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন প্রক্রিয়ায় হস্তক্ষেপ করার অভিযোগও রয়েছে।
বিবিসি জানায়, মঙ্গলবার আদালতে কালো স্যুট ও স্কার্ট পরে গম্ভীর মুখে হাজির কিম সাংবাদিকদের বলেন, “আমি কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি নই, তবুও সমস্যার সৃষ্টি করার জন্য আন্তরিকভাবে দুঃখিত।”
এর আগে, প্রেসিডেন্ট থাকাকালীন সময়ে ইউন সুক ইওল বিরোধী দলের আনা বিশেষ কাউন্সেল বিলে তিনবার ভেটো দিয়েছেন। এর মধ্যে সর্বশেষ ভেটো ছিল গত বছরের নভেম্বরে, যা সামরিক আইন জারির ঘোষণা দেয়ার এক সপ্তাহ আগে কার্যকর হয়। চলতি বছরের জুনে তার প্রতিদ্বন্দ্বী লি জে মিয়ং প্রেসিডেন্ট হওয়ার পর বিশেষ কাউন্সেল গঠন করা হয়।

