আসন্ন ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটির বিভিন্ন সিটি করপোরেশন ও পৌর কর্তৃপক্ষ কসাইখানা ও মাংসের দোকান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। তবে এই সিদ্ধান্তই বড় ধরনের রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে।
বিরোধী দলগুলো অভিযোগ তুলেছে, এটি মানুষের খাদ্যাভ্যাস ও ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ। হায়দরাবাদের এমপি ও অল ইন্ডিয়া মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলেমিন (এআইএমআইএম)-এর প্রধান আসাদুদ্দিন ওয়াইসি, এবং শিবসেনার নেতা আদিত্য ঠাকরে এই নিষেধাজ্ঞার তীব্র সমালোচনা করেছেন।
জিএইচএমসি নির্দেশ দিয়েছে, ১৫ আগস্ট স্বাধীনতা দিবস এবং ১৬ আগস্ট জন্মাষ্টমী উপলক্ষে সব কসাইখানা ও মাংসের দোকান বন্ধ রাখতে হবে। মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজীনগর, থানার কল্যাণ-ডোম্বিভ্যালি পৌরসভাও একই ধরনের নিষেধাজ্ঞা জারি করেছে।
আসাদুদ্দিন ওয়াইসি এক্সে লিখেছেন, “মাংস খাওয়া আর স্বাধীনতা দিবস উদযাপনের মধ্যে সম্পর্ক কী? এটি সংবেদনশীলতা ও সংবিধানের পরিপন্থী। এটি মানুষের স্বাধীনতা, ব্যক্তিগত গোপনীয়তা, জীবিকা, সংস্কৃতি, পুষ্টি ও ধর্ম পালনের অধিকার লঙ্ঘন করে।”
মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারও একই ধরনের নিষেধাজ্ঞার বিরোধিতা করেছেন। তিনি বলেন, “বড় শহরে নানা বর্ণ ও ধর্মের মানুষ থাকে। এ ধরনের আদেশ আরোপ ঠিক নয়।”
শিবসেনা নেতা আদিত্য ঠাকরে বলেন, “স্বাধীনতা দিবসে আমরা কী খাব, তা আমাদের অধিকার। পৌর কমিশনারকে বরখাস্ত করা উচিত। তারা আমাদের ঘরে ঢুকতে পারবে না।”
এদিকে, মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধের নেতৃত্বাধীন শিবসেনা অংশের মুখপাত্র অরুণ সাওয়ান্ত বলেন, রাজ্য সরকার এই ধরনের নিষেধাজ্ঞা অনুমোদন করেনি এবং বিরোধীরা মিথ্যা অভিযোগ তুলে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছে।

