পরীক্ষায় কম নম্বর দেওয়াকে কেন্দ্র করে থাইল্যান্ডে এক শিক্ষার্থী শ্রেণিকক্ষের ভেতরেই শিক্ষিকাকে মারধর করেছে। পুরো ঘটনাটি সিসিটিভি ফুটেজে ধরা পড়ে এবং পরে শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
ব্যাংকক পোস্টের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটে গত ৫ আগস্ট থাইল্যান্ডের মধ্যাঞ্চলীয় উথাই থানি প্রদেশে। একাদশ শ্রেণির ওই ছাত্র গণিত পরীক্ষায় ২০ নম্বরের মধ্যে ১৮ নম্বর পায়। সব অঙ্ক সঠিকভাবে সমাধান করার পরও কেন পূর্ণ নম্বর দেওয়া হয়নি— এমন প্রশ্ন নিয়ে সে শিক্ষিকার কাছে যায়।
শিক্ষিকা তাকে জানান, উত্তর সঠিক হলেও প্রত্যাশিত উন্নতি দেখা যায়নি, তাই দুই নম্বর কেটে দেওয়া হয়েছে। একই পদ্ধতিতে অন্য শিক্ষকরাও নম্বর দিয়েছেন বলে জানিয়ে, তিনি ছাত্রটিকে তাদের সঙ্গেও কথা বলতে বলেন।
পরে ছাত্রটি অন্য শিক্ষকদের সঙ্গে কথা বলে শ্রেণিকক্ষে ফিরে এসে শিক্ষিকাকে নম্বর বাড়াতে বলে। শিক্ষিকা রাজি না হলে সে ক্ষিপ্ত হয়ে ডেস্কে লাথি মারে। কয়েক মিনিট পর মাফ চাইতে বললে শিক্ষিকা অসম্মতি জানান, তখনই ছাত্রটি একের পর এক লাথি, কিল ও ঘুষি মেরে তাকে আক্রমণ করে।
এই হামলায় শিক্ষিকার চোখে কালশিটে দাগ পড়ে এবং মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। পরে তিনি ওই ছাত্রের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন।

