মিসর ও জর্ডানসহ সিরিয়া এবং লেবাননের অংশ দখল করে ‘বৃহৎ ইসরায়েল’ প্রতিষ্ঠার ইচ্ছা প্রকাশ করেছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এই পরিকল্পনার মধ্যে পুরো ফিলিস্তিন ভূখণ্ডও অন্তর্ভুক্ত রয়েছে।
১৯৪৮ সালে জাতিসংঘের মধ্যস্থতায় ফিলিস্তিনিদের ভূমি দখল করে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠার পর থেকেই ফিলিস্তিনি ভূখণ্ড দখলের পরিধি ক্রমেই বাড়িয়েছে দেশটি। এখন তাদের লক্ষ্য স্বাধীন চারটি দেশের অংশ দখল করে ভূখণ্ড বিস্তার করা।
গত মঙ্গলবার (১২ আগস্ট) আই২৪ নিউজের একটি অনুষ্ঠানে অংশ নেন যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহু। অনুষ্ঠানের উপস্থাপক শ্যারন গাল তাকে ‘গ্রেটার ইসরায়েল’-এর মানচিত্র সম্বলিত একটি অ্যামুলেট উপহার দেন। এ সময় শ্যারন জানতে চান, তিনি কি বৃহৎ ইসরায়েল প্রতিষ্ঠা চান না। জবাবে নেতানিয়াহু বলেন, “অনেক চাই।”
সাক্ষাৎকারে নেতানিয়াহু নিজেকে একটি ঐতিহাসিক এবং ঐশ্বরিক মিশনের অংশ বলে দাবি করেন।
গত দুই বছর ধরে ইসরায়েল ফিলিস্তিনের পশ্চিম তীর ও গাজা উপত্যকা, পাশাপাশি দক্ষিণ লেবানন ও দক্ষিণ সিরিয়ায় হামলা চালিয়ে আসছে। পর্যবেক্ষকদের মতে, এসব দেশের অংশ দখল করে বৃহৎ ইসরায়েল প্রতিষ্ঠার লক্ষ্য নিয়েই এই আগ্রাসন চলছে।
গত বছর ইসরায়েলের অর্থমন্ত্রী বাজায়েল স্মোরিচও একই ধরনের বক্তব্য দেন। তিনি জানান, ইসরায়েলের সীমানা সিরিয়ার রাজধানী দামেস্ক পর্যন্ত বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে এবং জেরুজালেমকে ইসরায়েলের অংশ হিসেবে অন্তর্ভুক্ত করা হবে।

