ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জানিয়েছেন, ইউক্রেনকে বাদ দিয়ে সীমান্তসংক্রান্ত কোনো আলোচনা সম্ভব নয়। তিনি স্পষ্ট করে বলেছেন, ইউক্রেন ছাড়া এমন কোনো প্রক্রিয়া গ্রহণযোগ্য নয় এবং বর্তমানে গুরুত্বপূর্ণ কোনো ভূমি বিনিময়ের প্রস্তাব আলোচনার টেবিলে নেই।
মঙ্গলবার ইউক্রেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং ইউরোপীয় নেতাদের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকের পর ম্যাক্রোঁ এ মন্তব্য করেন। এই বৈঠকটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আসন্ন আলাস্কা শীর্ষ বৈঠকের আগে অনুষ্ঠিত হয়, যেখানে ইউক্রেন যুদ্ধের সমাধান নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
বুধবার (১৩ আগস্ট) বার্তাসংস্থা আনাদোলু জানায়, সংবাদ সম্মেলনে ম্যাক্রোঁ বলেন, “ইউক্রেনের প্রেসিডেন্ট ছাড়া এসব বিষয় আলোচনা করা যাবে না। বর্তমানে কোনো গুরুত্বপূর্ণ ভূমি বিনিময়ের প্রস্তাব টেবিলে নেই।”
ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্তোনিও কোস্তার সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ম্যাক্রোঁ আরো বলেন, দখলকৃত এলাকা নিয়ে প্রশ্ন শান্তিচুক্তির ক্ষেত্রে “নির্ধারক উপাদান” হবে এবং এটি ইউক্রেনের অখণ্ডতা ও ইউরোপের নিরাপত্তা নিশ্চয়তার সঙ্গে “অবিচ্ছেদ্যভাবে সম্পর্কিত”।
তিনি যুক্তরাষ্ট্র-রাশিয়া বৈঠক প্রসঙ্গে বলেন, “তাদের দ্বিপাক্ষিক বিষয়গুলো আলোচনা করা স্বাভাবিক এবং এটি পরিস্থিতি শান্ত করতে সহায়ক হতে পারে। তবে ইউরোপের নিরাপত্তা- যা আমাদের সম্মিলিত নিরাপত্তা- সম্পর্কিত কোনো বিষয়ে ইউরোপীয়দের সঙ্গে সমন্বয় অপরিহার্য।”
ম্যাক্রোঁ জানান, ট্রাম্প-পুতিন বৈঠকের “প্রথম লক্ষ্য” হবে যুদ্ধবিরতির আহ্বান জানানো। তিনি আরও উল্লেখ করেন, “আমরা ইতিমধ্যে নতুন নিষেধাজ্ঞা প্যাকেজ অনুমোদন করেছি, আরেকটি প্রস্তুত করছি। আগামী কয়েক দিন ও সপ্তাহের আলোচনার ওপর নির্ভর করবে পরবর্তী পদক্ষেপ- তবে কোনো কিছুই বাদ দেওয়া উচিত নয়।”
অ্যান্তোনিও কোস্তা বলেন, রাশিয়ার ওপর চাপ বজায় রাখা, ইউক্রেনকে সহায়তা এবং ইউরোপ, যুক্তরাষ্ট্র ও বিশ্বের অন্যান্য দেশের মধ্যে সমন্বিত কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাওয়া অপরিহার্য। তার মতে, “এই যুদ্ধ শুধু ইউক্রেনের নয়, বরং আন্তর্জাতিক আইন রক্ষার বিষয়।”
প্রসঙ্গত, ট্রাম্প এর আগে ইঙ্গিত দিয়েছিলেন, সম্ভাব্য শান্তিচুক্তিতে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে ভূমি বিনিময় হতে পারে। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জোর দিয়ে বলেছেন, ইউক্রেনকে বাদ দিয়ে ইউক্রেন সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না।

