ভারতে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা অব্যাহত রয়েছে এবং এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার খুবই সীমিত পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের ২০২৪ সালের বার্ষিক মানবাধিকার প্রতিবেদন অনুযায়ী, ভারতে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, নিখোঁজ হওয়া, নির্যাতন, অমানবিক আচরণ, বেআইনি গ্রেপ্তার ও আটকসহ গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এই প্রতিবেদনে আরো বলা হয়, মতপ্রকাশ ও সংবাদমাধ্যমের স্বাধীনতায়ও বড় ধরনের বাধা সৃষ্টি হয়েছে।
প্রতিবেদনে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যের পরিস্থিতি বিশেষভাবে উল্লেখ করা হয়। সংখ্যাগরিষ্ঠ খ্রিস্টান কুকি এবং প্রধানত হিন্দু মেইতেই সম্প্রদায়ের মধ্যে চলমান জাতিগত সংঘাতে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বেড়েছে। যদিও কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী বাফার জোন বজায় রেখেছে, তবুও গণমাধ্যমের তথ্যে জানা যায়, ২৯ অক্টোবর পর্যন্ত সংঘাতে ৪৮ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। সংঘাত নিরসনে ব্যর্থতার প্রতিবাদে শিক্ষার্থীদের নেতৃত্বে হওয়া বিক্ষোভে পুলিশ স্টান গান ও টিয়ার গ্যাস ব্যবহার করে। পরে কিছু এলাকায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়।
সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত একটি প্যানেল মণিপুরে মানবিক সহায়তা ও পুনর্বাসন কার্যক্রম পর্যবেক্ষণ করছে। তবে প্রতিবেদনে বলা হয়, সরকারের পদক্ষেপ ছিল অপ্রতুল।
বিশ্বাসযোগ্য তথ্যসূত্র উদ্ধৃত করে প্রতিবেদনে উল্লেখ করা হয়, ভারতের মানবাধিকার পরিস্থিতিতে বড় উদ্বেগের বিষয়গুলো হলো —
- বেআইনি বা বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
- নিখোঁজ হওয়া
- নির্যাতন ও অমানবিক আচরণ
- বেআইনি গ্রেপ্তার ও আটক
- বিদেশে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে আন্তঃদেশীয় দমন
- সংঘাতে গুরুতর মানবাধিকার লঙ্ঘন
- মাওবাদী গোষ্ঠীতে শিশুদের অবৈধ নিয়োগ বা ব্যবহার
- সাংবাদিকদের ওপর হামলা বা হত্যার হুমকি
- অযৌক্তিক গ্রেপ্তার, মামলা ও সেন্সরশিপ
- জোরপূর্বক গর্ভপাত বা বন্ধ্যাকরণ
এছাড়া জম্মু-কাশ্মির, উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য এবং মাওবাদী সন্ত্রাসপ্রবণ এলাকায় সন্ত্রাসীদের নৃশংসতার কথাও প্রতিবেদনে উঠে এসেছে। ১০ সেপ্টেম্বর পর্যন্ত জম্মু-কাশ্মিরে সন্ত্রাসীরা ২০ জন নিরাপত্তা সদস্য ও ১৮ জন বেসামরিক নাগরিককে হত্যা করেছে। পাশাপাশি সাম্প্রদায়িক সহিংসতার ঘটনাও ঘটেছে। এসব ঘটনার তদন্ত ও বিচার প্রক্রিয়া পরিচালনার কথাও উল্লেখ করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।
প্রতিবেদন শেষে বলা হয়, মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় দায়ী ব্যক্তিদের শনাক্ত ও শাস্তি দেওয়ার ক্ষেত্রে ভারতের কেন্দ্রীয় সরকারের পদক্ষেপ খুবই সীমিত ছিল, যা উদ্বেগজনক।

