রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামীকাল শুক্রবার আলাস্কায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন। এটি তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় হতে পারে। এর আগে তিনি যুক্তরাষ্ট্রের পাঁচজন প্রেসিডেন্টের সঙ্গে মোট ৪৮টি বৈঠক করেছেন— বিল ক্লিনটন, জর্জ ডব্লিউ বুশ, বারাক ওবামা, ডোনাল্ড ট্রাম্প এবং জো বাইডেন।
২৫ বছরের বেশি সময় ধরে রাশিয়ার শীর্ষ নেতৃত্বে থাকা পুতিন শুরুতে প্রায়ই আমেরিকান প্রেসিডেন্টদের মন জয় করতেন। কখনো ব্যক্তিগত সম্পর্ক, কখনো সাংস্কৃতিক অনুষ্ঠান, আবার কখনো মাছ ধরা কিংবা গ্রামীণ আড্ডায় বন্ধুত্বের সেতুবন্ধন তৈরি হতো। কিন্তু সময়ের সাথে সাথে সেই সম্পর্কগুলো রাজনৈতিক মতভেদ, ভূরাজনৈতিক সংঘাত ও পারস্পরিক অবিশ্বাসের কারণে ভেঙে পড়ে।
জুন ২০০০: পুতিন-ক্লিনটন সাক্ষাৎ — এক নতুন সূচনা
রাশিয়ার প্রেসিডেন্ট হওয়ার তিন মাসেরও কম সময়ের মধ্যে পুতিন মস্কোতে বিল ক্লিনটনকে অভ্যর্থনা জানান। ক্রেমলিন ভ্রমণ শেষে তাঁরা একসঙ্গে রুশ জ্যাজ ব্যান্ডের সঙ্গীত উপভোগ করেন। তখনকার সম্পর্ক ছিল তুলনামূলক উষ্ণ।
রাশিয়া দুটি অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি অনুমোদন করায় ক্লিনটন প্রশংসা করেন। তিনি পুতিনকে রাশিয়াকে ‘মুক্ত বিশ্বের সঙ্গে সংযুক্ত করার সুযোগ’ কাজে লাগাতে উৎসাহিত করেন। পুতিনও যুক্তরাষ্ট্রকে ‘রাশিয়ার অন্যতম প্রধান অংশীদার’ হিসেবে উল্লেখ করে বলেন, মস্কো আর কখনো ওয়াশিংটনের সঙ্গে দ্বন্দ্ব চাইবে না।
তবে মতপার্থক্যও ছিল—বিশেষত চেচনিয়া ইস্যুতে। একাধিক অ্যাপার্টমেন্টে বিস্ফোরণের পর রুশ বাহিনী চেচনিয়ায় অভিযান চালায়, যা নিয়ে পশ্চিমা সমালোচনা ছিল প্রবল। তবুও ২০০০ সালে চারবার এবং ২০০১ সালের জানুয়ারি পর্যন্ত ক্লিনটনের সঙ্গে পুতিনের একাধিক সৌহার্দ্যপূর্ণ সাক্ষাৎ হয়েছিল।

নভেম্বর ২০০1: পুতিন-বুশ সাক্ষাৎ — টেক্সাসের বন্ধুত্ব
৯/১১ হামলার পর পুতিন প্রথম বিশ্বনেতা হিসেবে বুশকে ফোন করে সমর্থন জানান। দুই মাস পর বুশ টেক্সাসের বাংলোবাড়ি ক্রফোর্ডে আমন্ত্রণ জানান। তাঁরা একসঙ্গে সময় কাটান, এমনকি বুশ নিজেই পুতিনকে পিকআপ ট্রাকে করে বাংলোবাড়ির চারপাশ ঘুরিয়ে দেখান।
বুশ তখন বলেন, “আমরা পুরোনো শত্রুতা ভেঙে সহযোগিতা ও আস্থার নতুন সংস্কৃতি গড়ে তুলছি।” এই ইতিবাচক মনোভাব কিছুদিন টিকে ছিল, তবে ২০০২ সালের নভেম্বরে ন্যাটোর সম্প্রসারণ ইস্যুতে সম্পর্কে ফাটল ধরে।
জুলাই ২০০৭: পুতিন-বুশ — মাছ শিকারের আড্ডা
২০০৩ সালের ইরাক আগ্রাসনে রাশিয়ার আপত্তি থাকা সত্ত্বেও বুশ-পুতিন ব্যক্তিগত বন্ধুত্ব বজায় রাখেন। মেইনের কেনেবাঙ্কপোর্টে বুশের পারিবারিক বাড়িতে তাঁরা মিলিত হন। একসঙ্গে মাছ ধরতে যান, যেখানে পুতিনই কেবল একটি মাছ ধরতে পেরেছিলেন—পরে সেটি ছেড়ে দেওয়া হয়।
তবে বন্ধুত্বের আড়ালে রাজনৈতিক মতভেদ অটুট ছিল। ন্যাটো, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং আঞ্চলিক প্রভাব বিস্তারের প্রশ্নে দুই দেশের অবস্থান ভিন্ন ছিল।

এপ্রিল ২০০৮: শেষবারের মতো বুশ-পুতিন
সোচিতে তাঁদের শেষ বৈঠকে মূল আলোচ্য ছিল ইউরোপে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। কোনো বড় অগ্রগতি হয়নি, তবে ব্যক্তিগত সম্পর্ক অব্যাহত থাকে। বুশ তাঁর প্রেসিডেন্টত্বে মোট ২৮ বার পুতিনের সঙ্গে দেখা করেন—এটি অন্য যেকোনো বিদেশি নেতার চেয়ে বেশি, শুধু টনি ব্লেয়ার ব্যতীত।
জুলাই ২০০৯: ওবামা-পুতিন — শীতল সম্পর্কের শুরু
২০০৮ সালে জর্জিয়ায় রাশিয়ার আগ্রাসনের পর যুক্তরাষ্ট্র–রাশিয়া সম্পর্কে উত্তেজনা বৃদ্ধি পায়। প্রেসিডেন্ট বারাক ওবামা মস্কো সফরে পুতিনের সঙ্গে দেখা করেন, তখন পুতিন প্রধানমন্ত্রী ছিলেন। ওবামা বলেন, “সব বিষয়ে একমত না হলেও পারস্পরিক শ্রদ্ধা ও সলাপরামর্শের মাধ্যমে কল্যাণকর সম্পর্ক গড়ে তোলা সম্ভব।”
কিন্তু বাস্তবে সম্পর্ক আরো খারাপ হয়। সিরিয়া ইস্যুতে মতভেদ, মানবাধিকার প্রশ্নে উত্তেজনা এবং ন্যাটো সম্প্রসারণের বিরোধিতা— সব মিলিয়ে আস্থা কমতে থাকে।
জুন ২০১৩: ওবামা-পুতিন — সিরিয়ায় বিভক্ত অবস্থান
জি-৮ শীর্ষ সম্মেলনে সাক্ষাতের সময় দুই নেতার মুখভঙ্গিতে স্পষ্ট হয়েছিল পারস্পরিক হতাশা। যুক্তরাষ্ট্র সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পদত্যাগ চাইছিল, অথচ রাশিয়া তাঁকে সমর্থন করছিল।
ওবামা স্বীকার করেন, “সিরিয়ার সমস্যা নিয়ে আমাদের দৃষ্টিভঙ্গি আলাদা, তবে সহিংসতা কমানো এবং রাসায়নিক অস্ত্র বিস্তার ঠেকানোতে আমরা একমত।” এই ভদ্রতার আড়ালে ছিল তীব্র রাজনৈতিক দ্বন্দ্ব।

ট্রাম্প যুগ: অদ্ভুত উষ্ণতা ও বিতর্ক
ডোনাল্ড ট্রাম্পের সময় পুতিনের সঙ্গে সম্পর্ক ঘিরে ছিল প্রচুর বিতর্ক। ২০১৬ সালের মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ, ন্যাটো নিয়ে ট্রাম্পের সমালোচনা এবং ব্যক্তিগত উষ্ণ সম্পর্কের প্রদর্শন—সবই যুক্তরাষ্ট্রে রাজনৈতিক ঝড় তুলেছিল।
ট্রাম্প ও পুতিনের প্রথম বড় বৈঠক হয় ২০১৮ সালে হেলসিঙ্কিতে। সেখানে ট্রাম্প প্রকাশ্যে মার্কিন গোয়েন্দা সংস্থার মূল্যায়নের চেয়ে পুতিনের কথা বিশ্বাস করেছেন বলে মনে হয়েছিল, যা যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে ব্যাপক সমালোচনা ডেকে আনে।
চক্রের পুনরাবৃত্তি: মন জয়, তারপর হতাশা
পুতিন প্রায় সব মার্কিন প্রেসিডেন্টের সঙ্গেই প্রথমে ব্যক্তিগত সৌহার্দ্য গড়ে তুলতে সক্ষম হয়েছেন। একসঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া বা অবসর বিনোদনের আয়োজন করে সম্পর্ক উষ্ণ করেছেন। কিন্তু সময়ের সঙ্গে ভূরাজনৈতিক বাস্তবতা, নিরাপত্তা স্বার্থের সংঘাত এবং আন্তর্জাতিক সংকট সেই বন্ধুত্বকে ক্ষয় করেছে।
ক্লিনটন থেকে শুরু করে ট্রাম্প পর্যন্ত একই ধারা দেখা যায়—প্রথমে আস্থা ও সহযোগিতা, পরে মতভেদ, অবিশ্বাস ও কূটনৈতিক শীতলতা। আলাস্কার বৈঠকে ট্রাম্পের সঙ্গে পুতিন এই ইতিহাসের কোন পথে এগোবেন, সেটিই এখন দেখার বিষয়।

