দক্ষিণ ইউরোপের দেশগুলোতে তীব্র দাবানল ও তাপপ্রবাহের কারণে পরিস্থিতি ক্রমেই ভয়াবহ আকার ধারণ করেছে। স্পেন, গ্রিস, তুরস্ক, মন্টেনেগ্রো ও আলবেনিয়া জুড়ে ছড়িয়ে পড়া আগুনে অন্তত আটজনের প্রাণহানি ঘটেছে। পাশাপাশি বহু দমকলকর্মী ও স্থানীয় মানুষ আহত হয়েছেন।
গত শুক্রবার থেকে দক্ষিণ ইউরোপে তাপমাত্রা বাড়তে শুরু করে, যা আগুনকে আরও উসকে দিয়েছে। প্রবল বাতাস আগুন নিয়ন্ত্রণে বাধা দিচ্ছে এবং আগুন দ্রুত বিস্তার লাভ করছে। বিশেষ করে গ্রিস, স্পেন ও তুরস্কে দাবানল ভয়াবহ রূপ ধারণ করেছে।
গ্রিস কর্তৃপক্ষ প্রায় ৫,০০০ দমকলকর্মী, ৬২টি বিমান এবং কয়েকটি কোস্টগার্ড জাহাজ মোতায়েন করেছে। গ্রিসের দমকল বাহিনীর মুখপাত্র ভাসিলিস ভাথ্রাকোইয়ানিস বলেন, “জনপ্রিয় পর্যটন দ্বীপ কিওসে প্রবল বাতাস বইছে। আগুন দুই ভাগে বিভক্ত হয়ে আবাসিক এলাকার দিকে এগোচ্ছে। পশ্চিম উপকূলীয় শহর প্রেভেজা ও পেলোপনিসের উত্তরাঞ্চল পাত্রাসেও বাতাস আগুন নিয়ন্ত্রণে বাঁধা দিচ্ছে।”
স্পেনে অন্তত ১৪টি সক্রিয় দাবানল জ্বলছে। দেশটির পরিবেশ বিষয়ক মন্ত্রী সারা আগেসেন জানান, তীব্র তাপ এবং শুষ্ক আবহাওয়া উদ্ভিদকে আরও দাহ্য করে তুলেছে। স্পেনের জাতীয় সামরিক জরুরি ইউনিট এক্স জানায়, আগুন নিয়ন্ত্রণে অন্তত ১,০০০ সৈন্য কাজ করছে। কাস্তিয়া ই লেওন অঞ্চলে ৩৫ বছর বয়সী এক স্বেচ্ছাসেবক আগুন নেভানোর সময় মারা গেছেন। এছাড়া সাতজন গুরুতর আহত হয়েছেন এবং ৮,২০০ জনকে নিরাপদ স্থানে সরিয়ে আনা হয়েছে। গালিসিয়ায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।
তুরস্কের উপকূলীয় শহর চানাক্কালেতে প্রায় ১,৮০০ জরুরি কর্মী ও ১৯টি বিমান আগুন নেভানোর কাজে নিয়োজিত। সরকারি মুখপাত্র বুরহানেত্তিন দুরান জানান, একটি ফায়ার ট্রাক উল্টে গিয়ে একজন নিহত হয়েছেন।
মন্টেনেগ্রোতেও দাবানল মোকাবিলায় দুর্ঘটনার ঘটনা ঘটেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, পানি বহনকারী ট্যাংকার উল্টে গিয়ে এক সার্জেন্ট নিহত হয়েছেন এবং আরেকজন গুরুতর আহত হয়েছেন। আলবেনিয়াতেও অন্তত একজনের মৃত্যু ঘটেছে।
দক্ষিণ ইউরোপের দাবানলের তীব্রতা বাড়ার মূল কারণ হিসেবে বিশেষজ্ঞরা উল্লেখ করছেন অস্বাভাবিক উচ্চ তাপমাত্রা এবং প্রবল বাতাস। উচ্চ তাপমাত্রার কারণে উদ্ভিদের আর্দ্রতা কমে যায়, ফলে তারা সহজেই জ্বলে ওঠে এবং আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। জলবায়ু পরিবর্তন এ ধরনের চরম তাপপ্রবাহের সম্ভাবনা আরও বাড়াচ্ছে।
দক্ষিণ ইউরোপের দেশগুলোতে আগুন নিয়ন্ত্রণে দমকলকর্মীরা সব রকম প্রচেষ্টা চালাচ্ছেন, তবে চরম আবহাওয়া ও প্রাকৃতিক বাধার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। দেশগুলোর সরকার জনগণকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া ও সতর্ক থাকার জন্য সতর্ক করেছে।
এদিকে, আন্তর্জাতিক বিশেষজ্ঞরা আগুনের বিস্তার এবং তাপপ্রবাহ মোকাবিলায় জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকিকে প্রধান চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করেছেন। দাবানলের এ পরিস্থিতি ইউরোপের প্রাকৃতিক ও জনসাধারণের নিরাপত্তা উভয়ের জন্য বিপজ্জনক আকার ধারণ করেছে।

