গবেষণা—
১৯৪৫ সালের আগস্টে হিরোশিমা ও নাগাসাকিতে মার্কিন যুক্তরাষ্ট্রের পারমাণবিক বোমা হামলায় প্রাথমিকভাবে বিশাল প্রাণহানি ঘটে। হিরোশিমায় প্রায় ১ লাখ ৪০ হাজার এবং নাগাসাকিতে প্রায় ৭৪ হাজার মানুষ নিহত হন বিস্ফোরণ, তাপ ও তীব্র বিকিরণের কারণে। তবে এই ভয়াবহ হামলার পর যারা বেঁচে ফিরেছিলেন, তাদের স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে নতুন গবেষণা এসেছে।
ব্রিস্টল ইউনিভার্সিটির ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ফিলিপ থমাসের নেতৃত্বে পরিচালিত গবেষণায় দেখা গেছে, হিরোশিমা ও নাগাসাকিতে বেঁচে ফেরা ৩ লাখ ২৪ হাজার মানুষের মধ্যে বিকিরণজনিত ক্যান্সারে মৃত্যুর হার মাত্র এক শতাংশেরও কম। এই গবেষণা অনুযায়ী, মোট ৩ হাজার ১০০ জন হিবাকুশা বিকিরণজনিত লিউকেমিয়া বা অন্যান্য টিউমারের কারণে মারা গেছেন বা মৃত্যুর পথে রয়েছেন।
গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে জার্নাল অব বায়োলজিক্যাল ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রিতে। অধ্যাপক ফিলিপ থমাস জানান, সাধারণত মনে করা হয় উচ্চ মাত্রার বিকিরণ ক্যান্সারের জন্য খুবই বিপজ্জনক। তবে এই গবেষণা প্রমাণ করে যে, পূর্বানুমানের তুলনায় ক্যান্সারের ঝুঁকি অনেক কম। তিনি আরও বলেন, “গবেষণার ফলাফলে দেখা যাচ্ছে যে, বেঁচে থাকা হিবাকুশাদের মধ্যে ক্যান্সারের ঝুঁকি প্রত্যাশার চেয়ে কম।”

গবেষণাটি মার্কিন ও জাপানি সংস্থা রেডিয়েশন ইফেক্টস রিসার্চ ফাউন্ডেশনের অধীনে করা হয়েছে। গবেষকরা ১৯৫০ সাল থেকে ৮৭ হাজার হিবাকুশা পর্যবেক্ষণ করেছেন এবং অতিরিক্ত স্বাস্থ্য ও জনমিতি সম্পর্কিত তথ্য অন্তর্ভুক্ত করেছেন। ১৯৪৫ সালের বিস্ফোরণ থেকে ২০৫৫ সাল পর্যন্ত ক্যান্সারজনিত মৃত্যুর পূর্বাভাসও গণিত ও পরিসংখ্যানের বিভিন্ন পদ্ধতিতে করা হয়েছে। এ হিসেবে বেঁচে থাকা হিবাকুশাদের মধ্যে সবচেয়ে কম বয়সী ব্যক্তির বয়স হবে ১১০ বছর।
বিকিরণজনিত লিউকেমিয়ার ঝুঁকি সাধারণত এক্সপোজারের ২–৩ বছর পর বাড়তে শুরু করে এবং প্রায় ১০ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে। অন্যদিকে কিছু ধরণের টিউমার তৈরি হতে ৫০ বছরেরও বেশি সময় লাগে। তাই এই দীর্ঘমেয়াদি পর্যবেক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ক্যান্সার ঝুঁকি নির্ধারণে।
লন্ডনের ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চের ক্যান্সার বিষয়ক অধ্যাপক অ্যামি বেরিংটন বলেন, “থমাসের গবেষণার সামগ্রিক সিদ্ধান্ত পূর্ববর্তী গবেষণার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তবে কোন জনগোষ্ঠী কত মাত্রায় বিকিরণের শিকার হয়েছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য ছাড়া এই ফলাফলকে অন্য পরিস্থিতিতে প্রয়োগে সতর্ক থাকতে হবে।”

তিনি আরো বলেন, ২০১১ সালে ফুকুশিমা দাইইচি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ার পর যাদের সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছিল, তারা বিকিরণের দীর্ঘমেয়াদি প্রভাব নিয়ে আতঙ্কিত ছিলেন। একইভাবে ১৯৮৬ সালের চেরনোবিল দুর্ঘটনার পর উচ্চমাত্রার বিকিরণে আক্রান্ত কর্মীদের সন্তানদের মধ্যেও বিকিরণজনিত কোনো প্রভাবের প্রমাণ পাওয়া যায়নি।
নাগাসাকিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহ হামলার ৮০তম বার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা বলেছেন, “পারমাণবিক বোমার নৃশংস প্রভাব সম্পর্কে স্মৃতিগুলো ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেয়া জরুরি।” গবেষণা এবং ইতিহাস উভয়ই নির্দেশ করছে যে, বেঁচে থাকা হিবাকুশাদের মধ্যে ক্যান্সারের ঝুঁকি কম হলেও, পারমাণবিক বোমার ক্ষয়ক্ষতি এবং মানসিক প্রভাব এখনও গভীর।
গবেষণার ফলাফলে জানা গেছে, বিকিরণ বিপদজনক হলেও, হিরোশিমা ও নাগাসাকিতে বেঁচে থাকা মানুষের মধ্যে ক্যান্সারজনিত মৃত্যুর হার আশঙ্কার চেয়ে অনেক কম। এটি পারমাণবিক হামলার প্রাথমিক প্রভাবের ভয়াবহতার সঙ্গে দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকির তুলনামূলক বিশ্লেষণে নতুন দৃষ্টিকোণ প্রদান করেছে।

