রাশিয়া ইউক্রেনের ক্ষেপণাস্ত্র কারখানায় ব্যাপক হামলা চালিয়েছে। গত জুলাইয়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে এই হামলায় অন্যান্য সামরিক স্থাপনাকেও লক্ষ্যবস্তু করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বাহিনী গত জুলাই মাসে ক্ষেপণাস্ত্র ও রকেট জ্বালানি উৎপাদন কারখানা, অস্ত্র ডিজাইন কেন্দ্রসহ একাধিক ইউক্রেনি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে।
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, এসব স্থাপনা রক্ষায় মোতায়েন পশ্চিমা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা- এর মধ্যে প্যাট্রিয়ট লঞ্চার ও ফায়ার কন্ট্রোল রাডার- ধ্বংস করা হয়েছে। উল্লেখ করা হয়েছে, হামলার লক্ষ্য ছিল কিয়েভ সরকার ও তাদের পশ্চিমা সহযোগীদের রাশিয়ার মধ্যে ক্ষেপণাস্ত্র উৎপাদনের প্রচেষ্টা ব্যর্থ করা।

