পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ দেশটির সেনাবাহিনীর রকেট ফোর্স কমান্ড গঠনের ঘোষণা দিয়েছেন। ৭৮তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে ইসলামাবাদে আয়োজিত অনুষ্ঠানে এই ঘোষণা দেওয়া হয়।
সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড বৃহস্পতিবার (১৪ আগস্ট) জানিয়েছে, আধুনিক প্রযুক্তিসম্পন্ন এই ফোর্স শত্রুকে ‘সব দিক থেকে’ আঘাত হানতে সক্ষম। প্রধানমন্ত্রী বলেন, এটি দেশের সামরিক শক্তি বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
শেহবাজ শরিফ তার বক্তৃতায় ভারতের সঙ্গে সংঘাতের প্রসঙ্গ তুলে অভিযোগ করেন, মিথ্যা ভিত্তিতে নয়াদিল্লি পাকিস্তানে হামলা চালায়। তিনি সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির, জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল সাহির শামশাদ মির্জা, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল জাহির বাবর এবং নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নবীদ আশরাফের প্রশংসা করেন।
তিনি বলেন, মাত্র চার দিনেই ভারতের গর্ব ‘ধুলিস্যাৎ’ হয়ে গেছে। পাকিস্তানি সেনাদের বীরত্বের প্রশংসা করে তিনি বলেন, যারা জীবন বাজি রাখতে প্রস্তুত, এমন জাতিকে কখনও পরাজিত করা যায় না।
শেহবাজ শরিফ তুরস্ক, সৌদি আরব, চীন, সংযুক্ত আরব আমিরাত, ইরান ও আজারবাইজানসহ মিত্র দেশগুলোর প্রতি সংঘাতকালে কূটনৈতিক সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

