মস্কোর নিকটবর্তী লোসিনি অস্ট্রোভ (এলক দ্বীপ) জাতীয় উদ্যানের ভেতর দিয়ে সড়ক নির্মাণ বন্ধে আন্দোলনে নেমেছেন স্থানীয় পরিবেশবাদীরা। ১২৯ বর্গকিলোমিটার আয়তনের এ উদ্যান শতাধিক প্রজাতির বন্যপ্রাণীর আবাসস্থল, যার মধ্যে রয়েছে বিপন্ন প্রজাতির পাখিও।
৬২ বছর বয়সী পরিবেশবাদী ইরিনা কুরিসেভা বলেন, “আমরা কেবল প্রকৃতি ও পরিবেশ রক্ষা করতে চাই।” তবে আন্দোলনকারীদের বিরুদ্ধে কর্তৃপক্ষ কঠোর অবস্থান নিয়েছে। গত জুলাই মাসে কুরিসেভাসহ ছয়জন পরিবেশবাদী নির্মাণকাজে ব্যবহৃত যন্ত্রপাতি আটকালে পুলিশ তাদের গ্রেপ্তার ও জরিমানা করে।
আইন অনুযায়ী জাতীয় উদ্যানে স্থায়ী নির্মাণ নিষিদ্ধ হলেও স্থানীয় প্রশাসনের দাবি, এটি নতুন সড়ক নয় বরং বিদ্যমান রাস্তার মেরামত প্রকল্প। তবে পরিবেশ আইনজীবী দিমিত্রি ট্রুনিন এ দাবি ‘মিথ্যাচার ও জালিয়াতি’ বলে আখ্যা দিয়ে জানান, সেখানে আগে কোনো রাস্তা ছিল না, শুধু বন বিভাগের একটি কাঁচা পথ ছিল।
প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ৫ দশমিক ৪ মিলিয়ন ইউরো এবং এটি ২০২৬ সালের মার্চে শেষ করার পরিকল্পনা রয়েছে। এ নিয়ে আন্দোলনকারীরা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন। পুতিন ২০১০ সালে উদ্যানটি পরিদর্শনকালে প্রকৃতি সংরক্ষণের গুরুত্বের ওপর জোর দিয়েছিলেন।
তবে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, বিষয়টি আঞ্চলিক কর্তৃপক্ষের আওতাধীন এবং প্রেসিডেন্টকে এতে সম্পৃক্ত করা হবে না। তিনি আরও বলেন, “পরিবেশ সুরক্ষা গুরুত্বপূর্ণ হলেও তা উন্নয়ন ও নাগরিকদের আরামদায়ক জীবনের পথে বাধা হয়ে দাঁড়ানো উচিত নয়।”

