ইসরায়েলের কট্টর ডানপন্থি অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচ ঘোষণা দিয়েছেন, তিনি পশ্চিম তীরের বিতর্কিত ‘ই-ওয়ান’ (E1) এলাকায় ৩ হাজারেরও বেশি নতুন বাড়ি নির্মাণের পরিকল্পনা অনুমোদন দেবেন। তার ভাষায়, এই পদক্ষেপই “ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের ধারণাকে চিরতরে মাটিচাপা দেবে।”
দশকের পর দশক ধরে আন্তর্জাতিক তীব্র বিরোধিতার কারণে এই প্রকল্পটি স্থগিত ছিল। ই-ওয়ান এলাকা জেরুজালেম ও মা’আলে আদুমিম বসতির মাঝামাঝি—যেখানে নির্মাণ শুরু হলে কার্যত পশ্চিম তীর ও দখলকৃত পূর্ব জেরুজালেমের মধ্যে সংযোগ ছিন্ন হবে, আর ফিলিস্তিনি ভূখণ্ডের ভৌগোলিক ধারাবাহিকতাও মারাত্মকভাবে বিঘ্নিত হবে।
স্মোত্রিচ ইসরায়েলি গণমাধ্যমে বলেন, “আমরা মা’আলে আদুমিমকে জেরুজালেমের সঙ্গে যুক্ত করছি। এটা হচ্ছে প্রকৃত জায়োনিজম—নির্মাণ, বসতি স্থাপন এবং ইসরায়েলের ভূমিতে সার্বভৌমত্ব আরও দৃঢ় করা।”
স্মোট্রিচ বলেছেন, এই পদক্ষেপ ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের সম্ভাবনাকে সম্পূর্ণভাবে শেষ করে দেবে।
এই ঘোষণাটি এসেছে এমন এক সময়, যখন সাম্প্রতিক সপ্তাহগুলোতে একের পর এক দেশ আগামী মাসগুলোতে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছে, যা ইসরায়েল তীব্রভাবে নাকচ করেছে।
আন্তর্জাতিক আইনে অবৈধ হলেও ইসরায়েলের অবস্থান ভিন্ন আন্তর্জাতিক আইন অনুসারে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের ইসরায়েলি বসতিগুলো অবৈধ। ইসরায়েলি মানবাধিকার সংস্থা ‘পিস নাও’-এর হিসাব অনুযায়ী বর্তমানে প্রায় ৭ লাখ ইসরায়েলি ১৬০টিরও বেশি বসতিতে বসবাস করছে—যে জমি ফিলিস্তিনিরা তাদের ভবিষ্যৎ স্বাধীন রাষ্ট্রের জন্য দাবি করে।
পিস নাও এক বিবৃতিতে বলেছে, “নেতানিয়াহু সরকার পশ্চিম তীরের সংযুক্তিকরণ আরও গভীর করতে এবং দুই রাষ্ট্র সমাধানকে অসম্ভব করে তুলতে এক মুহূর্তও নষ্ট করছে না। অথচ স্পষ্ট যে এই সংঘাতের একমাত্র সমাধান—এবং হামাসকে পরাজিত করার একমাত্র উপায়—হলো ইসরায়েলের পাশেই একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করা।”
২০ বছরের স্থগিতাদেশের অবসান ই-ওয়ান এলাকায় ৩,৪০১টি বাড়ি নির্মাণের পরিকল্পনা দুই দশক ধরে স্থগিত ছিল। এর ভৌগোলিক অবস্থান এমন যে, এটি জেরুজালেমের দক্ষিণাঞ্চলকে উত্তরাঞ্চল থেকে আলাদা করে দেবে এবং রামাল্লা, পূর্ব জেরুজালেম ও বেথলেহেমের মধ্যে ধারাবাহিক ফিলিস্তিনি নগর এলাকা গড়ে ওঠার সুযোগ চিরতরে বন্ধ হয়ে যাবে।
গত বছর আন্তর্জাতিক আদালত (ICJ) পরামর্শমূলক রায়ে বসতিগুলোকে অবৈধ ঘোষণা করেছিল—যা আন্তর্জাতিক সম্প্রদায়ের বৃহত্তর অংশ সমর্থন করে। তবে ইসরায়েল এই অবস্থান মানতে অস্বীকার করে।
স্মোত্রিচ ও জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরকে চলতি বছরের জুনে যুক্তরাজ্য দখলকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি সম্প্রদায়ের বিরুদ্ধে “বারবার সহিংসতায় উসকানি” দেওয়ার অভিযোগে নিষেধাজ্ঞার আওতায় আনে