পাকিস্তানে ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটেছে, যাতে কমপক্ষে ২৫ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভারী বর্ষণের পর এই দুর্যোগের খবর নিশ্চিত করেছে পাকিস্তানের অনলাইন সংবাদমাধ্যম জিও নিউজ।
প্রতিবেদনে বলা হয়েছে, গিলগিত বালতিস্তান, আজাদ জম্মু-কাশ্মীরের কিছু এলাকা এবং খাইবার পাখতুনখাওয়ার বাজুর জেলায় টানা বর্ষণের কারণে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। গিলগিত বালতিস্তান সরকারের মুখপাত্র ফয়জুল্লাহ ফারাক জানিয়েছেন, ঘিজার জেলার খালথি উপত্যকায় তিনজন মারা গেছেন, যার মধ্যে একজন নারী। এছাড়া তিনজন এখনও নিখোঁজ, তাদের সন্ধানে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে।
দিয়ামারের বোনার এলাকায় এক ভাই-বোন বন্যার পানিতে ভেসে গেছেন। বাবুসার রোডে ভূমিধসে এক শিশু আহত হয়েছে। ঘিজারের ইয়াসিন থোই এলাকায় বন্যার পানিতে বহু বাড়িঘর, স্কুল ও কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে।
ভারী বর্ষণের কারণে বাঘ জেলার নদীগুলোর পানি বিপজ্জনকভাবে বেড়ে গেছে। সামাহনির ভিমবার এলাকায় বন্যার পানিতে পর্যটকবাহী একটি গাড়ি ভেসে গেলেও সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।
আজাদ কাশ্মীরের প্রধানমন্ত্রী চৌধুরী আনোয়ার উল হক রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের জরুরি বৈঠকে নদীর তীরবর্তী এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরানোর নির্দেশ দিয়েছেন।

