ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলাস্কায় উচ্চপর্যায়ের বৈঠকের আগে নতুন পারমাণবিক ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর প্রস্তুতি নিচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে বারেন্টস সাগরের নভায়া জেমলিয়া দ্বীপপুঞ্জে অবস্থিত পাঙ্কাভো পারমাণবিক পরীক্ষাকেন্দ্রে অস্বাভাবিক কার্যক্রম বেড়েছে।
গবেষকদের মতে, সেখানে ৯এম৭৩০ ‘বুরেভেস্তনিক’ (ন্যাটো নাম: SSC-X-9 Skyfall) ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রস্তুতি চলছে—যা রাশিয়ার দাবি অনুযায়ী প্রায় সীমাহীন পাল্লার এবং বর্তমান প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে আটকানো সম্ভব নয়। কর্মী, সরঞ্জাম, জাহাজ ও বিমান—সবকিছু আগের পরীক্ষাগুলোর ধাঁচে জড়ো করা হয়েছে।
আজ (শুক্রবার) আলাস্কার অ্যাঙ্কোরেজ শহরের জয়েন্ট বেস এলমেনডর্ফ-রিচার্ডসন-এ ট্রাম্প-পুতিন বৈঠক হবে। বৈঠকে মূলত ইউক্রেন যুদ্ধের শান্তি-প্রচেষ্টা নিয়ে আলোচনা হবে, তবে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি নিয়েও কথা হতে পারে। বর্তমানে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে নিউ স্টার্ট চুক্তি একমাত্র কার্যকর সীমাবদ্ধতা, যা আগামী বছরের ফেব্রুয়ারিতে শেষ হবে।
উক্রেনের ওডেসার এমপি ওলেক্সি গনচারেঙ্কো সতর্ক করে বলেছেন, “আমাদের ছাড়া আমাদের ভবিষ্যৎ নিয়ে কেউ সিদ্ধান্ত নিলে তা ভয়াবহ হবে।”
পুতিনের পারমাণবিক ভাষণ ও প্রদর্শনী নতুন কিছু নয়। ২০১৮ সালে তিনি এমন একটি ভিডিও দেখিয়েছিলেন যেখানে সীমাহীন পাল্লার ক্ষেপণাস্ত্র ফ্লোরিডার দিকে ছুটে যাচ্ছে—যা তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের দৃষ্টি কাড়ে। তবে ‘বুরেভেস্তনিক’-এর পরীক্ষার রেকর্ড খুবই দুর্বল; ১৩টি পরীক্ষার মধ্যে মাত্র দু’টি আংশিক সফল হয়েছে।
এর মধ্যেই বেলারুশ ঘোষণা করেছে, তারা রাশিয়ার সঙ্গে যৌথ মহড়া চালাবে, যাতে পারমাণবিক অস্ত্র ও রুশ-নির্মিত হাইপারসনিক ‘ওরেশনিক’ ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হবে। বেলারুশের প্রতিরক্ষামন্ত্রী ভিক্টর ক্রেনিন বলেছেন, “আমরা শান্তিপূর্ণ, কিন্তু সব সময় প্রস্তুত থাকতে হবে।”

